বৃষ্টিতে চাঁদপুর শহরে জলাবদ্ধতা, দুর্ভোগ
টানা বৃষ্টিতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের কয়েকটি স্থানে বসতঘরেও পানি ঢুকে পড়েছে। এতে শহরের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় দ্রুত পানি সরতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
শহরের কয়েকজন বাসিন্দা জানান, গত তিন দিনের প্রবল বর্ষণে চাঁদপুর শহর ও শহরতলির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের পালবাজার, রেলওয়ে ১৪ কোয়ার্টার, উত্তর শ্রীরামদী জামতলা, কুলিবাগান, বড় স্টেশন মাদ্রাসা রোড, রহমতপুর কলোনি, পালপাড়া, প্রফেসর পাড়া, নাজির পাড়া ও বিষ্ণুদী ব্যাংক কলোনি বিভিন্ন এলাকায় বসতঘরে পানি ঢুকেছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
চাঁদপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, চাঁদপুরে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৩৮৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
পালবাজারের হাবিব ক্লথ স্টোরের মালিক রিয়াদ ফেরদৌস জানান, ঈদের বাজারে লোকজন না থাকায় বেচাকেনা নেই বললেই চলে।
শহরের বাসিন্দা জাকির হোসেন মিয়াজী জানান, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এবং ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে থাকায় কোথাও পানি নিষ্কাশিত হচ্ছে না। আবার কোথাও পানি সরতে সময় লাগছে। বৃষ্টির পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন লোকজন। চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ বলেন, তাঁদের ড্রেনেজ ব্যবস্থায় কোনো সমস্যা নেই। তবে কোনো কোনো স্থানে বালু জমে ড্রেন ভরাট হয়ে গেছে। জলাবদ্ধতার সমস্যা সাময়িক। বৃষ্টির পানি ধীরে ধীরে সরে যাবে।
সরেজমিনে দেখা যায়, চাঁদপুর সরকারি কলেজ ও হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠে হাঁটুপানি। শহরের বাসিন্দা মাওলানা নিজাম উদ্দিন জানান, চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, নাজির পাড়া এলাহী জামে মসজিদসহ বেশ কয়েকটি মসজিদের মধ্যে পানি ঢুকেছে। এ কারণে মুসল্লিরা ওই মসজিদগুলো গত বৃহস্পতিবার রাত থেকে নামাজ আদায় করতে পারছেন না।
স্থানীয় লোকজন জানান, বৃষ্টিতে মতলব উত্তর উপজেলার চাঁদপুরের মেঘনা-ধনাগোদা ও চাঁদপুর সেচ প্রকল্পে ফসলি জমি তলিয়ে গেছে। এখানে অনেক কৃষক নতুন বীজতলা তৈরি করেছেন। কিন্তু এখন সেসব জমি পাঁচ-ছয় ফুট পানির নিচে তলিয়ে আছে। এতে বীজতলার ক্ষতি হতে পারে বলে তাঁরা শঙ্কা করছেন। চাঁদপুর সদর উপজেলা হরিণাঘাট এলাকা ও হাইমচরের চরভৈরবী এলাকায় মেঘনা নদীর ভাঙন আরও তীব্র হয়েছে। চাঁদপুরের পদ্মা ও মেঘনার পাড়ে অবস্থিত প্রায় ৩০টি চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।