রোববার সকাল নয়টা! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনের রাস্তা পানিতে তলিয়ে আছে। শিক্ষার্থীদের কেউ কেউ সেই রাস্তা পার হচ্ছেন জুতা-স্যান্ডেল হাতে নিয়ে। কেউবা রিকশায় করে।
শুধু চতুর্থ বিজ্ঞান ভবনের সামনের রাস্তা নয়, গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরের দৃশ্য ছিল এমনই।
শনিবার দিবাগত রাতে ভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতার। ক্লাস করতে আসা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন। তাঁদের অভিযোগ, দুর্বল পানিনিষ্কাশন-ব্যবস্থার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আগের রাতের ভারী বর্ষণে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড, দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের রাস্তা, পরিবহন মার্কেটের সামনের অংশ, টুকিটাকি চত্বর, লোকপ্রশাসন চত্বর, শহীদুল্লাহ কলাভবন ও মমতাজ উদ্দীন কলাভবনের সামনের রাস্তাসহ বিভিন্ন হলের সামনের রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্লাস করতে আসা শিক্ষার্থীরা পড়েছেন দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন চত্বরের খাবারের দোকানগুলো বন্ধ থাকায় নাশতাও করতে পারেননি অনেকে।
আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বেলাল উদ্দিন বলেন, ‘একটু বৃষ্টি হলেই বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ডের চিত্র পাল্টে যায়। তখন আর সেখানে দাঁড়ানোর অবস্থাও থাকে না। পানি-কাদা মাড়িয়ে অনেক কষ্টে বাসে উঠতে হয়। এতে প্রায়ই কাপড়চোপড় নোংরা হয়ে যায়।’
সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সেলিম রেজা বলেন, এ রকম জলাবদ্ধতা আগে ছিল না। ক্যাম্পাসের পানিনিষ্কাশন-ব্যবস্থায় সমস্যা থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সহকারী রেজিস্ট্রার মো. ইলিয়াস হোসেন বলেন, বৃষ্টি খুব বেশি হওয়ায় পানি কোথাও বের করা যাচ্ছে না। তা ছাড়া নালাগুলোতে ময়লা জমে থাকায় পানি খুব ধীরে বের হচ্ছে। তবে স্টুয়ার্ড শাখা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান বলেন, ‘এটা কোনো মৌসুমি বৃষ্টি না। তবে আমাদের স্টুয়ার্ড শাখার লোকজন কাজ শুরু করে দিয়েছে। আশা করি, খুব তাড়াতাড়ি পানিনিষ্কাশন করা সম্ভব হবে।’