
ভারী বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক চলাচলের পথ (ট্রেইল) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিলার ভেতরে সরু এসব পথে মাটি ধসে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এদিকে উদ্যানের প্রবেশপথে একটি কালভার্টের পাশে মাটি ধসে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কালভার্টটি ভেঙে গেলে জাতীয় উদ্যানে চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ জেলায় গত এপ্রিল থেকে কয়েক দফা ভারী বর্ষণ হয়েছে। এতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনেক স্থানে মাটি ধসে পড়েছে। পর্যটক চলাচলের সরু পাহাড়ি পথের মাটি সরে গেছে। অনেক স্থানে কাদা জমে আছে। ছোট-বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইডদের সঙ্গে কথা বলে জানা যায়, উদ্যানের ভেতর একটি আধা ঘণ্টার ট্রেইল, একটি এক ঘণ্টার ও একটি তিন ঘণ্টার ট্রেইল রয়েছে। দেশি-বিদেশি পর্যটকেরা ট্রেইলে গিয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্য উপভোগ করেন। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার গড়ে এক থেকে দেড় হাজার পর্যটক আসেন এ উদ্যানে। বর্তমানে পর্যটকের আগমন অনেক কমে গেছে। শিশু ও নারীরা ট্রেইলে যাচ্ছে না বললেই চলে।
উদ্যানের ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং, উজ্জ্বল পাল, কামরান আহমদ ও শেখর দেব বলেন, মাটি ক্ষয় রোধে উদ্যানের ট্রেইলের ঝুঁকিপূর্ণ স্থানে ও ছড়ার পাশে বালুর বস্তা স্থাপন করা হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বালুর বস্তা ভাসিয়ে নিয়ে গেছে। এ জন্য পাকা আরসিসি ঢালাই দিয়ে ছড়ার পর্যটক চলাচল এলাকায় গাইড ওয়াল দিতে হবে। উদ্যানের প্রবেশপথের ক্ষতিগ্রস্ত কালভার্ট সম্পূর্ণ ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
১৭ আগস্ট সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ট্রেইলের অনেক স্থানে কাদা জমে আছে। আর বেশ কিছু স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পর্যটকেরা পাহাড়ি ঝোপের মধ্য দিয়ে চলাচল করছেন। কীটপতঙ্গ ও জোঁকের কারণে সমস্যায় পড়ছেন পর্যটকেরা। ছড়া অতিক্রম করে আদিবাসী লাউয়াছড়া খাসিয়াপুঞ্জিতে যেতে কাদামাটি অতিক্রম করতে হচ্ছে। অনেক পর্যটক মাঝপথ থেকে ফিরে যাচ্ছেন।
ঢাকা থেকে সপরিবার বেড়াতে এসেছেন আঞ্জুমান আরা। তিনি প্রথম আলোকে বলেন, এখানে জাতীয় উদ্যানসহ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তাঁদের দায়িত্ব ছিল পর্যটকদের সুবিধা নিশ্চিতকরণে এসব ট্রেইল ও ছড়ার পাড় চলাচল উপযোগী করে রাখা।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। কমিটির সভায় এসব ট্রেইল ও ছড়ার পর্যটক চলাচল এলাকার পথের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এক দিন বৃষ্টি থামে তো পরের দিন ভারী বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় উন্নয়নকাজ করা যাচ্ছে না।