বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট
বৃষ্টিতে ভাটা ভাসে, কান্নায় ভাসে কৃষকের শ্রমিক সন্তান
বৃষ্টিতে ইটভাটায় যে ক্ষতি হয়েছে, সাদাচোখে তা মালিকের লোকসান বলে মনে হতে পারে। আসলে এ ক্ষতি শ্রমিকদের।
একটা ‘সভ্য’ পূর্বাভাস আর সতর্কীকরণ ব্যবস্থার অভাবে ডিসেম্বরের (অগ্রহায়ণ) পর আবার ফেব্রুয়ারির (ভরা মাঘ) বর্ষা আমাদের সর্বনাশের চৌমাথায় পৌঁছে দিয়েছে। মাঘের বৃষ্টির সতর্কবার্তা যেমন কৃষকদের কাছে পৌঁছানো যায়নি, তেমনি অগ্রহায়ণের বৃষ্টির মাত্রা আর স্থায়িত্ব সম্পর্কেও তাঁদের জানানো যায়নি। ফলে ক্ষতি হয়েছে ফসলের।
মাঘ মাসে মেঘ, কুয়াশা আর ছিটেফোঁটা বৃষ্টির জায়গায় শ্রাবণের মতো অঝোর ধারা কেউ আশা করেনি। সচরাচর এমন হয় না। কিন্তু কখনো হয়নি, এমন তো নয়। মিহির-খনার যুগেও ভরা মাঘে ও ধান পাকা অগ্রহায়ণে আচানক বৃষ্টি হয়েছে। তাই তাঁরা তাঁদের বচনে সাবধান করে দিয়েছেন কৃষিকে, কৃষককে।
এখন ঝড়বৃষ্টির ভাও বোঝার জন্য জ্যোতিষী হতে হয় না। মাটিতে বসে নুড়িপাথর দিয়ে আঁকিবুঁকি কেটে অঙ্ক কষতে হয় না। কম্পিউটার বা ল্যাপটপে বসে আক্কেল খাটালেই জানা যায় কী ঘটতে যাচ্ছে, কখন ঘটবে, কতটা ঘটবে।
আগে থেকে জানা, কিন্তু কৃষকের কাছে ‘হঠাৎ আসা’ বৃষ্টিতে প্রায় সারা দেশেই আলু ও শর্ষেখেতে পানি জমে যায়। ব্যাপক ক্ষতি হয় আলুচাষিদের। আলু পচে নষ্টে হওয়ার আশঙ্কায় চাষিরা নানাভাবে পানিনিষ্কাশনের চেষ্টা করেছেন। তবে কোথাও কোথাও পানিনিষ্কাশনের কোনো উপায় না থাকায় অপরিণত আলু তুলে বাজারে বিক্রি করতে বাধ্য হন অনেকে।
পাবনার চাটমোহরের এক শ্রমিক সরদারের ভাষ্য অনুযায়ী, ইটশ্রমিকদের এক মৌসুমের (কমবেশি ছয় মাস) জন্য কিনে নেওয়ার সময় সবার দর সমান হয় না। যে যেমন কাজের, তাঁকে তেমন দামে কেনা হয়। যিনি ইট বানাতে পারেন, তাঁকে নেওয়া হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়। জোগালেদের (জোগানদার) দাম ১৫ থেকে ২০ হাজার টাকা। দাদনের বাইরে যাঁরা কাজ করেন, তাঁরা প্রতি হাজার ইট তৈরি ও শুকানো বাবদ ৭০০ টাকা পারিশ্রমিক পান। আর আগাম কেনা দাদন শ্রমিকেরা সমান কাজ করে পান ৪৫০ টাকা।
বৃষ্টিতে কী পরিমাণ আলুখেতের ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজে মাঠের কৃষি অফিসগুলো হাত দিয়েছে। প্রাথমিক আলামত দেখে কৃষি অফিসগুলো আশঙ্কা করছে, এবার বোধ হয় উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। বগুড়ার কৃষি কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জেলাটিতে এ বছর ৫৮ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। আশা ছিল, উৎপাদন হবে কমপক্ষে ১১ লাখ ৮৭ হাজার টন। হঠাৎ মধ্যমাঘের বৃষ্টিতে অধিকাংশ আলুখেতে পানি জমে যায়। জমে থাকা পানি বের করা না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়বেন আলুচাষিরা।
অনেকের পাকা ধান ভেসে গেছে। ক্ষতির মুখে পড়েছেন শর্ষে ও গমচাষিরাও। দিনাজপুর থেকে খবর এসেছে, আলু-শর্ষের পাশাপাশি হঠাৎ বৃষ্টিতে সেখানে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। জেলার বেশির ভাগ বীজতলার চারা হলুদ ও লালচে রং ধারণ করে মরে যাচ্ছে। এতে বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
গণমাধ্যম সূত্রে জানা যায়, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৭১ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করেছে। তা পূরণে ৯ হাজার ৪৩৭ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছিল। এর অনেকটাই জলে গেছে।
মাঘের বৃষ্টিতে কিছুটা লাভ হবে আম, লিচু ও কাঁঠালের। তবে হাইব্রিড আমবাগানের রীতি-রকম আলাদা।
সব মিলিয়ে কৃষির ক্ষতি অপূরণীয় থেকে যাবে। শুধু কৃষি ক্ষতিগ্রস্ত হয়নি, বড় ধরনের ক্ষতি হয়েছে ইটভাটারও। পত্রপত্রিকায় নষ্ট কাঁচা ইটের ছবি ছাপা হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইট বৃষ্টির পানিতে হয় গলে কাদা হয়ে গেছে, নতুবা ডুবে আছে জমে থাকা জলের নিচে। সারা দেশে কত কাঁচা ইট জলে গেল, তার হিসাব কোনো দিন জানা যাবে না। কারণ, অন্য সব খাতের মালিকদের মতো ইটভাটার মালিকদেরও জবাবদিহির কোনো বালাই নেই। ইটের মাটি, জ্বালানি, শ্রমিক, মজুরি—কোনোটারই হিসাব নিয়ে তাঁরা মুখ খোলেন না।
বৃষ্টিতে ইটভাটায় যে ক্ষতি হয়েছে, সাদাচোখে তা ভাটামালিকের লোকসান বলে মনে হতে পারে। আসলে এ ক্ষতি ভাটার শ্রমিকদের। কাঁচা ইটের হিসাব শ্রমিকের। গাদায় না উঠলে মালিক সেটা হিসাবে ধরেন না। ইট বানানো ও সুরক্ষার কোনো দায়িত্ব ভাটা কর্তৃপক্ষ নেয় না। তাই বৃষ্টি-পরবর্তী ভাটার ছবিতে আমরা দেখি গাদা বা খামাল দেওয়া ইটের স্তূপ পলিথিনে ঢাকা আর খোলার ইট পানিতে গড়াগড়ি খাচ্ছে। এসব ইটের দাম দূরে থাক, এই সময়ের খোরাকির খরচ কোনো মালিক না দিলে করার কিছু নেই।
কারা এই ভাটা ‘দাস’
ভূমিহীন ভাগচাষি কৃষক আর তাঁদের সন্তানেরা যান ইটভাটায় কাজ করতে। তাঁরা যান ‘দাদন’ শ্রমিক হিসেবে সরদার বা ‘লেবার দালালের’ মাধ্যমে। বর্ষার সময় আর বর্ষার পরে আশ্বিন-কার্তিক মাস পর্যন্ত ভূমিহীন অদক্ষ শ্রমিকদের কাজের একটা আকাল থাকে। এই আকাল থাকে সারা দেশে, বিশেষ করে দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোতে। এ সময় পরিবার-পরিজন নিয়ে তাঁদের দিনযাপন কষ্টকর হয়ে পড়ে। এ সুযোগটাই নিয়ে থাকেন ইটভাটার মালিকদের প্রতিনিধি শ্রমিক ঠিকাদার সরদাররা। তাঁরা কম টাকা দিয়ে অভাবী মানুষদের শ্রম আগাম কিনে নেন।
শুধু কৃষি ক্ষতিগ্রস্ত হয়নি, বড় ধরনের ক্ষতি হয়েছে ইটভাটারও। পত্রপত্রিকায় নষ্ট কাঁচা ইটের ছবি ছাপা হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইট বৃষ্টির পানিতে হয় গলে কাদা হয়ে গেছে, নতুবা ডুবে আছে জমে থাকা জলের নিচে। সারা দেশে কত কাঁচা ইট জলে গেল, তার হিসাব কোনো দিন জানা যাবে না। কারণ, অন্য সব খাতের মালিকদের মতো ইটভাটার মালিকদেরও জবাবদিহির কোনো বালাই নেই। ইটের মাটি, জ্বালানি, শ্রমিক, মজুরি—কোনোটারই হিসাব নিয়ে তাঁরা মুখ খোলেন না।
পাবনার চাটমোহরের এক শ্রমিক সরদারের ভাষ্য অনুযায়ী, ইটশ্রমিকদের এক মৌসুমের (কমবেশি ছয় মাস) জন্য কিনে নেওয়ার সময় সবার দর সমান হয় না। যে যেমন কাজের, তাঁকে তেমন দামে কেনা হয়। যিনি ইট বানাতে পারেন, তাঁকে নেওয়া হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়। জোগালেদের (জোগানদার) দাম ১৫ থেকে ২০ হাজার টাকা। দাদনের বাইরে যাঁরা কাজ করেন, তাঁরা প্রতি হাজার ইট তৈরি ও শুকানো বাবদ ৭০০ টাকা পারিশ্রমিক পান। আর আগাম কেনা দাদন শ্রমিকেরা সমান কাজ করে পান ৪৫০ টাকা।
দাদনের টাকা থেকে কেটে রাখেন সরদার। অর্থাৎ দাদন গ্রহণকারীরা প্রতি হাজার ইটে ২৫০ টাকা কম পান। কম পাওয়া বেশি পাওয়ার চাইতে বড় কথা, রোদে ইট শুকিয়ে গাদায় না উঠলে ওই ইট তৈরি হয়েছিল বলে আমলেই নেন না মালিক। ইট না বানালে খোরাকির টাকা পাওয়ার হক থাকে না কেনা শ্রমিকদের।
শ্রমিকেরা বলেছেন, আগে জানলে এই নরকে আসার আগে তাঁরা সাতবার ভাবতেন। ভাটায় আনার পর তাঁদের কেবল খাবারের টাকা দেওয়া হয়। অসুস্থ হলে ওষুধ কেনারও সামর্থ্যটুকুও তাঁদের থাকে না। অসুস্থ হলেও তাঁরা কাজ বন্ধ করে দিতে পারেন না।
ইটভাটায় অনেক কম মজুরিতে নারী আর শিশু শ্রমিক খাটানোর কাহিনি মাঝেমধ্যে খবর হয়ে আসে। তাঁদের শিকলে বেঁধে রাখার ছবিও বছর কয়েক আগে জাতীয় দৈনিকের পাতায় এসেছিল। এমন এক ঘটনায় দারিদ্র্যপীড়িত লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রাম থেকে দেড় বছরের দুটি শিশুসহ ২১ জন মানুষকে শরীয়তপুরে আটকে রাখা হয়েছিল। ইটভাটার কাজের কথা বলে তাঁদের আনা হয়েছিল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের বড় শিধুলকুড়া গ্রামের তালতলায়। মালিক সে সময় জানিয়েছিলেন, তাঁরা সরদারদের চেনেন, শ্রমিকদের নয়। সরদারেরা কোন শর্তে তাঁদের এনেছেন, তা তাঁরা জানেন না। সরদার টাকা নিয়ে গা ঢাকা দিলে কাজ কে করে দেবে?
সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ
বেশির ভাগ ইটভাটা অনিয়ম আর অন্যায়ের জোরে চলে বলে অপরিচিত কাউকে দেখলে ভয় পান ইটভাটার মালিকেরা। বিশেষ করে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না। ২০১৫ সালে ইতালির সাংবাদিক রাফায়েলের ক্যামেরার কাজের পর মালিকেরা আরও সতর্ক হয়ে গেছেন। রাফায়েল তাঁর উদ্দেশ্য গোপন রেখে ইটের রং, চুল্লির ধোঁয়া এবং ধূলিতে মুগ্ধ এক পর্যটকের ভেক ধরে তাঁর গবেষণার কাজ করেছিলেন। পুরো পরিস্থিতি বুঝতে থেকেছেন ভাটাশ্রমিকদের সঙ্গে। পুরো দুই মাস ধরে দেখেছেন ভাটাশ্রমিকদের কষ্টকর জীবনযাপন।
পরে রাফায়েলের সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের ভাটাশ্রমিকদের কষ্টকর জীবন নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্য এলাকা থেকে কীভাবে নারী, শিশু আর তরুণদের ভাটায় এনে বন্দী করা হয়, তার সচিত্র প্রতিবেদন রাফায়েলের কাছ থেকে জানেন বিশ্ববাসী। ভালো বাসস্থান আর মজুরির লোভ দেখিয়ে ভাটায় আনার কাহিনি প্রায় সব শ্রমিকই জানিয়েছিলেন তাঁকে। শ্রমিকেরা বলেছেন, আগে জানলে এই নরকে আসার আগে তাঁরা সাতবার ভাবতেন। ভাটায় আনার পর তাঁদের কেবল খাবারের টাকা দেওয়া হয়। অসুস্থ হলে ওষুধ কেনারও সামর্থ্যটুকুও তাঁদের থাকে না। অসুস্থ হলেও তাঁরা কাজ বন্ধ করে দিতে পারেন না।
কেন শ্রমিকেরা পালিয়ে যান না, এমন প্রশ্নের জবাবে রাফায়েল সিএনএনকে বলেছিলেন, ‘সম্ভবত তাঁদের পালানোর পথ নেই। আমি মনে করি, তাঁদের বেশির ভাগই শিক্ষিত নন এবং তাঁরা জানেন না কীভাবে এ ধরনের পরিস্থিতি থেকে পালিয়ে আসবেন।’
ভাটায় শিশু শ্রমিক বাড়ছে
করোনার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমবাজারে শিশু শ্রমিকের জোগান বেড়ে গেছে। সস্তা শ্রমিক হিসেবে তাদের অগ্রাধিকার দিচ্ছেন সরদারেরা। মালিকদেরও তাতে সায় আছে। এক হাজার কাঁচা সাজে করে ইট শুকানোর জন্য প্রত্যেককে দেওয়া হয় মাত্র ২০০ টাকা। অথচ এই কাজ করানোর জন্য একজন শ্রমিক নিয়োগ দিলে তাঁকে দিতে হতো ৪০০ থেকে ৫০০ টাকা। মজুরি সাশ্রয় করতে আইন অমান্য করে এভাবে শিশুদের কাজে লাগাচ্ছেন ভাটামালিকেরা।
ভোলা জেলায় নিবন্ধিত ইটভাটা আছে প্রায় ১২৫টি। কমবেশি ৯০টি ভাটা এখন চালু আছে। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, প্রায় সব ভাটাতেই শিশুরা কাজ করছে। শুধু ইট শুকানোর কাজ নয়, শিশুদের মধ্যে অনেকে চুল্লিতে কয়লা বা কাঠ দেওয়ার কাজের মতো বড় ঝুঁকির কাজও করছে। অনেক সময় মাটিভর্তি ট্রলি ঠেলে নিয়ে যাওয়ার কাজ করতে দেখা যায় শিশুদের। এসব শিশুকে আনা হয়েছে জলোচ্ছ্বাস আর লবণাক্ততার শিকার সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে। ছয় মাসের জন্য দাদনের বেড়াজালে বন্দী তারা। কিন্তু যে ইট সে শুকাতে পারল না, তার দাম তো সে পাবে না। দাদন শোধ না হলে আবার তাদের আসতে হবে আগামী বছর। এই চক্র থেকে কে তাদের মুক্ত করবে।
ভাটামালিকেরা কার মাটি নিল, কোন জ্বালানি ব্যবহার করল আর চিমনিটা কয় ফুট উঁচু করল, সেটা যেমন দেখা প্রয়োজন, তেমনি দেখতে হবে কাজের শর্তগুলো কতটা মানবিক, কতটা ন্যায্য।
লেখক গবেষক [email protected]