বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন আজ মঙ্গলবার সাতসকালেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে গেছেন। কেউ গেছেন এলাকার ঈদগাহ মাঠে, কেউবা আবার মসজিদে।

তবে ঈদগাহ মাঠে যাঁরা নামাজ আদায় করেছেন, তাঁরাই বৃষ্টির কবলে পড়েছেন। এঁদের অনেকে বৃষ্টির সময় ভিজে ভিজে নামাজ আদায় করেন। ঢাকায় ভোররাত থেকে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় প্রধান ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিশিষ্ট ব্যক্তিরা এখানে ঈদের নামাজ আদায় করেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মুষলধারে না হলেও কমবেশি দেশের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। আজ ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত রাজধানী ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। সকালের পর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কমে এসেছে। কোনো লঘুচাপ নয়, কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়েছে।
ফরিদপুরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গতকাল রাত ১২টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত এই জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই সকাল সাড়ে আটটায় জেলার চানমারিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে অংশ নেন জেলা প্রশাসক, পৌর মেয়রসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। নামাজের ঠিক আগে বৃষ্টি শুরু হলে ইমাম মাওলানা মো. মোমাজ্জেদ হোসেন মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, আসুন, আমরা ভিজে ভিজে নামাজ আদায় করি। বৃষ্টি আল্লাহর রহমত।’

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম অবশ্য মনে করছেন, বৃষ্টি হলেও এটি কোনো বিপর্যয় সৃষ্টি করবে না। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের বৃষ্টি চলবে। তবে হালকা মাত্রায় বৃষ্টি হবে। মৌসুমি বায়ুর জন্য এই বৃষ্টি দেশের প্রায় সব জায়গায়ই হচ্ছে।’
রিমঝিম বৃষ্টির প্রভাবে কিন্তু তাপমাত্রা বেশ কমে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।