বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, নগরবাসীর ভোগান্তি
টানা বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিরা জানিয়েছেন।
তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে নগরে ‘কৃত্রিম’ জলাবদ্ধতা তৈরি হয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, নগরের লামাপাড়া, সেনপাড়া, লাকড়িপাড়া, রায়নগর, উপশহর, সোনারপাড়া, পাঠানপাড়া, কালীবাড়ি, বারুতখানা, হাওয়াপাড়া, নবাব রোড, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রোডসহ ২০টি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল সকাল থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে এসব এলাকার অধিকাংশ রাস্তা ডুবে যায়। রাস্তা-সংলগ্ন অসংখ্য বাসাবাড়িতে পানি উঠে যায়।
সেনপাড়া এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, সামান্য বৃষ্টি হলেই পাড়ার প্রধান রাস্তা পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘদিনের সমস্যা হলেও তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই নোংরা পানি মাড়িয়ে অফিসে যেতে হয়।
লামাপাড়া এলাকার গৃহিণী আসমা বেগম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পানি তো বাসায় উঠে গেছে। চুলা ডুবে যাওয়ায় সকালের রান্না বন্ধ ছিল। এ ছাড়া রাস্তার যত ময়লা-আবর্জনা, সব ভেসে বাসার ভেতরে ঢুকে গেছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা জানিয়েছে, নগরে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ছড়া-খালগুলো খনন করা হয়েছে। এ ছাড়া বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে থেকেই নালা-নর্দমাগুলো পরিষ্কার করা হয়েছে। গতকাল নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পর নবাব রোড এলাকায় ১০ জন শ্রমিক এবং দক্ষিণ সুরমা এলাকায় ১০ জন শ্রমিক নর্দমা পরিষ্কারের কাজ শুরু করেছেন।
একই সূত্র নিশ্চিত করেছে, দ্রুত জলাবদ্ধতা নিরসনে গত রোববার সিটি করপোরেশন ১০ লাখ টাকার একটি প্রকল্পের দরপত্রের কার্যাদেশ দিয়েছে। এ প্রকল্পের অধীনে আজ মঙ্গলবার থেকে নগরের গুরুত্বপূর্ণ নালা-নর্দমাগুলো পরিষ্কার করা হবে। নগরের চৌকিদেখি থেকে রিকাবীবাজার, রিকাবীবাজার থেকে টিলাগড়, জিন্দাবাজার ও বাইপাস রোড এলাকায় নর্দমা পরিষ্কার করার পাশাপাশি দক্ষিণ সুরমার বাবুছড়া ও জৈন্তার খাল খনন করা হবে। আগামী এক মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তিনি বলেন, এখন সেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে, তার অধিকাংশই কৃত্রিম। কিছুক্ষণ পরেই এ পানি নেমে যায়। নগরের ছড়া-খালগুলো খননের পর জলাবদ্ধতা অনেকটাই কমে গিয়েছে। তবে ধারাবাহিকভাবে নগরের নালা-নর্দমাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।