বৃষ্টিপাতের বিস্তৃতি বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের বিরতির পর আবার ফিরে এসেছে বর্ষার বৃষ্টিপাত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক পশলা বৃষ্টি এসে জানিয়ে গেছে এটা মধ্য আষাঢ়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমি বায়ু দেশজুড়ে আবার সক্রিয় হয়ে উঠছে। এতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। তবে নতুন নতুন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। আগামীকালের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ৩৬ মিলিমিটার। নীলফামারীর ডিমলায় ১৮ মিলিমিটার ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সংস্থাটির পূর্বাভাস বলছে, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, আজ দেশের অনেক নতুন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। টানা পাঁচ-ছয় দিন বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের সবগুলো বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।