বৃষ্টির দাপট নেই, বাড়ছে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষার আকাশে শরতের মতো মেঘ। নেই কোনো বৃষ্টি। ছবিটি মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে গতকাল তোলা: জাহিদুল করিম
বর্ষার আকাশে শরতের মতো মেঘ। নেই কোনো বৃষ্টি। ছবিটি মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে গতকাল তোলা: জাহিদুল করিম

নীল আকাশে ভেলার মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কিন্তু সাদা মেঘগুলো কালো হচ্ছে না। বৃষ্টিও খুব একটা ঝরছে না। রাজধানী ঢাকায় ২১ জুন থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আট দিনে মাত্র ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু বাংলাদেশজুড়ে থাকলেও পুরোপুরি সক্রিয় হতে পারেনি। তাই বৃষ্টিও খুব বেশি মাত্রায় হচ্ছে না। বৃষ্টির মাত্রা আগামী ২ জুলাই থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে ঈদের সময় কিছুটা স্বস্তিতে থাকবেন ছুটির আমেজে থাকা মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় ২১ জুন ২ মিলিমিটার, ২২ জুন ১ মিলিমিটার, ২৫ জুন ৩ মিলিমিটার ও ২৬ জুন ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২৩, ২৪ ও গতকাল ২৭ জুন কোনো বৃষ্টিই হয়নি। এ কারণে গরমও বাড়ছে। ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত চার দিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। ২৪ জুন তো তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল।

অনেকটা বৃষ্টিহীন অবস্থায় রাজধানী ঢাকাবাসীর দিন কাটছে। তবে খুলনা, মোংলা, সাতক্ষীরা, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, নেত্রকোনায় তুলনামূলক ভালো বৃষ্টি হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় গতকাল সোমবার ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, এ মাসের প্রথম দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখন কম। বর্ষা এমনটা হতেই পারে। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও প্রবল বৃষ্টি হওয়ার মতো সিস্টেমের দরকার তেমনটি হয়নি। তাই বৃষ্টি কম হচ্ছে। আশা করা যাচ্ছে, ২ জুলাই থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। তবে জুন মাসে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।