বৃষ্টির দেখা নেই, বাড়ছে গরম

রাজধানী ঢাকায় বৃষ্টি যেন হারিয়ে গেছে। ২৯ মে থেকে আজ শুক্রবার পর্যন্ত টানা সাত দিনে বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা বাড়ছে। হাঁফ ধরা গরমে অতিষ্ঠ নগরবাসী। শুধু ঢাকা নয়, সারা দেশেই জ্যৈষ্ঠের শেষদিকে একই অবস্থা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, এই অবস্থা আরও কয়েক দিন থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এখন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এ অবস্থা আরও দুই-তিন চলবে।
রাজধানী ঢাকায় গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এক দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ২ ডিগ্রি।
দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গরমের মাত্রাটা বেশি যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী অঞ্চলে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পাশের জেলা চুয়াডাঙ্গায় ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ৪৫, টেকনাফে ১৯, সন্দ্বীপে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্য সব এলাকা ছিল প্রায় বৃষ্টিশূন্য।

আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি না হওয়ায় গরম বাড়ছে। বাতাসে জলীয়বাষ্প থাকায় শরীর থেকে ঘাম ঝরছে। তাই গরম বেশি অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে জানান, বছরের এই সময়ে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। বর্ষাকালও এ সময় থেকে শুরু। কিন্তু মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূল পর্যন্ত না আসায় বৃষ্টি হচ্ছে না। কালবৈশাখীও হচ্ছে না। সব মিলিয়ে গরম বাড়ছে। তবে দু-এক দিনের মধ্যে মৌসুমি বায়ু ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ উপকূলে বিস্তৃত হলে বৃষ্টি হতে পারে।