বৃষ্টির নূপুরে জীবনের ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, বৃষ্টির ছন্দে বাজে নূপুর। এ নূপুরে জীবনেরই গান। কর্মব্যস্ত গতানুগতিক জীবনে অনেকে বৃষ্টির ভেতর খুঁজে ফেরেন সজীবতার আমেজ। বৃষ্টিতে ভিজে অনুভব করেন দারুণ এক রোমাঞ্চ, যদিও নগরজীবনে শখ করে বৃষ্টিতে ভেজার সময় ও সুযোগ সহজে মেলে না।
বৃষ্টির আবেদন সম্পর্কে কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বৃষ্টির ছন্দ মানুষকে সচেতনভাবে হোক, আর অবচেতনেই হোক, নাড়িয়ে দেয়। তা ঘুমের ভেতরও। মানুষের সঙ্গে বৃষ্টির সম্পর্ক অত্যন্ত নিবিড়। বৃষ্টির ছন্দ মানুষের জীবনের ছন্দের সমর্থক! বৃষ্টির ছন্দ, শব্দ, স্বাদ, স্পর্শ, টংকার, মৃদু কোলাহল—সবই অনেক কোমল এবং বিমূর্ত।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, ‘বৃষ্টি মানুষের মনকেও ভেজায়, তুমুল স্পর্শ করে। বৃষ্টি মায়ার মতন। বৃষ্টি নামলে কাজ বন্ধ করে হলেও কিছুক্ষণ বৃষ্টিমগ্ন থাকা উচিত। তা না হলে ব্যক্তিজীবনে ছন্দের অভাব পড়বে।’
বৃষ্টি নামলে শিশু-কিশোর, তরুণ-তরুণী এক ধরনের উচ্ছলতা অনুভব করে। কখনো তারা একলা, কখনোবা দলবেঁধে বৃষ্টিতে ভেজে। বৃষ্টির রোমান্টিক আবেদন নিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বললেন, ‘মানুষের কাছে বৃষ্টি এক আশ্চর্য সৌন্দর্য! বৃষ্টি কখনো নিঃসঙ্গতার দৃশ্যকল্প, কখনো বিষণ্নতার। বৃষ্টি পড়তে দেখলে আমাদের মধ্যে আবেগ জন্মায়। প্রেমবোধ জাগে। বৃষ্টির কোনো বয়স নেই, বৃষ্টি সবার। বৃষ্টির শব্দ, স্পর্শ ও গন্ধে আলাদা মাদকতা, যা মানুষকে প্রাণবন্ত করে।’
কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে স্নিগ্ধ প্রকৃতির হাতছানিতে বৃষ্টির স্পর্শ নিতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তপন রায়। তিনি বললেন, ‘বৃষ্টি মানেই দারুণ অনুভূতি! বৃষ্টির আসল জৌলুশ কাদা-মাটি আর প্রকৃতি, তাই-ই গ্রামে যাওয়া। বৃষ্টির দিনে নদীর উত্তাল সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। সবুজ প্রকৃতি আর মাটির সঙ্গে ভিজতে পারার আনন্দই অন্য রকম। বৃষ্টি পড়লেই ছেলেবেলার দিনগুলোকে মনে পড়ে। স্মৃতিতাড়িত হই, দিনগুলো রোমন্থন করি।’
বৃষ্টি কখনো সাজ সাজ রবে নামে। মেঘের গুড়গুড় গর্জনে জানান দেয়—এই আমি এলাম। আবার কখনো নামে, ঝুপ করে, হুড়মুড়িয়ে। সে বৃষ্টিতে ভিজে দামাল ছেলেরা করে হল্লা, চপল কিশোরীরা হয় উচ্ছ্বসিত। খোকাখুকু হেসে হয় কুটিপাটি।
ছয় বছরের মেয়ে ফারজানা লিলিকে নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিজতে এসেছিলেন বাবা হাসান করিম। তিনি বললেন, ‘লিলি বৃষ্টি নামলেই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে যায়। অনেকক্ষণ বৃষ্টি দেখে, ভেজার বায়না ধরে। ছুটির দিনে বৃষ্টি নেমেছে দেখে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি।’
লিলি বলল, ‘বর্ষা আমার প্রিয় ঋতু। বৃষ্টি নামলেই ভিজতে ইচ্ছে করে। বাসার ছাদে ভিজতে ভালো লাগে না, তাই বাবার সঙ্গে বাইরে ভিজতে এসেছি।’
চান তো ঘরোয়াভাবেই বৃষ্টি উপভোগ করুন। অনেকে যেমন করছেন, বৃষ্টিকে কেন্দ্র করে খাবারে স্বাদের পরিবর্তন আনছেন। রান্না করছেন চাল-ডালের ভুনা বা গলা খিচুড়ি। সঙ্গে গরু, খাসি বা মুরগির মাংস, মাছভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভুনা, বড়া আর কলুই ডালের চচ্চড়ি। থাকছে জিভ উতলা করা মুখরোচক আচার।
তরুণ-তরুণী অনেকে আবার পেঁয়াজ, কাঁচামরিচ আর সর্ষের তেল দিয়ে মাখানো চানাচুর-মুড়ি বসে যাচ্ছেন জমজমাট আড্ডায়। তাঁদের বৃষ্টির সময়টা কাটছে গল্প-গুজবে। কেউ কেউ ঘরে বসে বৃষ্টির গান শুনছেন, মনোযোগ দিয়ে গল্প, কবিতা পড়ছেন। কখনো দলবেঁধে সিনেমা দেখছেন। বৃষ্টির দিনে অলস সময় কাটানোর এ অন্য রকম মজা।