বৃষ্টির প্রবণতা শনিবার থেকে কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

আগামী শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় একই প্রবণতা দেখা যেতে পারে। এসব স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকাতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, মাদারীপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া নেত্রকোনায় ৫২, ময়মনসিংহে ৪০, ফরিদপুরে ৩৯, বরিশালে ৩৩ ও বদলগাছিতে ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক দিয়ে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাড়তে পারে।

আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। কাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।