বেগুনি-পিঠ শালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডালে বসে আছে বেগুনি-পিঠ শালিক, জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে ২৪ এপ্রিল তোলা l ছবি: লেখক
ডালে বসে আছে বেগুনি-পিঠ শালিক, জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে ২৪ এপ্রিল তোলা l ছবি: লেখক

‘পৃথিবীর সব স্পষ্ট আলো নিভে গেছে; যেখানে সোনার মধু ফুরায়েছে, করে না বুনন মাছি আর; হলুদ পাতার গন্ধে ভ’রে ওঠে অবিচল শালিখের মন,’
—জীবনানন্দ দাশ
পাখিরা তাদের জীবনের প্রয়োজনে পরিযায়ী হয়। তাদের এই পরিযান গন্তব্য পৃথিবীর নানান দেশে। আমাদের দেশে শীত, গ্রীষ্ম, বসন্ত ও বর্ষার সময় পরিযায়ী পাখিরা আসে। শীতের সময় বিশেষ করে হাঁস প্রজাতির পাখিরা আসে। আবার অনেক প্রজাতির পাখিরা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে মাঝখানে কোথাও যাত্রাবিরতি করে স্বল্প সময়ের জন্য। এটা কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। পরিযায়ী পাখিদের মধ্যে কোনো কোনো প্রজাতি নিয়মিতভাবে আমাদের দেশে আসে। আবার কোনোটি আসে অনিয়মিতভাবে।
পাখিরা যাত্রাবিরতি দেয় সাধারণত খাবার ও বিশ্রামের জন্য। তবে বড় ধরনের ঝড়ের আশঙ্কা থাকলেও পাখিরা বিরতি দেয় নিরাপদ জায়গায়। যেসব পাখি কিছুদিনের জন্য আমাদের দেশে বিরতি দেয় তাদের আমরা পান্থ পরিযায়ী পাখি বা প্যাসেজ মাইগ্রেন্ট বার্ড বলে থাকি। বেগুনি-পিঠ শালিক আমাদের দেশে অনিয়মিত বা বিরল পান্থ পরিযায়ী পাখি হতে পারে। বাংলাদেশে এ পাখি এ পর্যন্ত তিনবার দেখা গেছে। বাংলাদেশে ২০০৯ সালের ২৬ অক্টোবর পাখি গবেষক রাসমুসেন সুন্দরবনের হারবেরিয়ায় প্রথমবার একটি বেগুনি-পিঠ শালিক দেখেন এবং পাখিটির ছবি তুলতে সক্ষম হন। ড. মনিরুল এইচ খান একটি বেগুনি-পিঠ শালিক দেখতে পান ২০১০ সালের ৩১ অক্টোবর মধুপুরের শালবনে। ১৬ এপ্রিল ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে ছোট দলে ১৪-১৫টি বেগুনি-পিঠ শালিকের ঝাঁক দেখতে পান বন্য প্রািণবিদ ড. রেজা খান।

বিশ্রাম নিচ্ছে বেগুনি–পিঠ শালিক
বিশ্রাম নিচ্ছে বেগুনি–পিঠ শালিক

রেজা খানের তথ্য ও নির্দেশনা অনুসারে বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি নিয়াজ আবদুর রহমানসহ ১৮ এপ্রিল জাতীয় উদ্ভিদ উদ্যানে গিয়ে ৩৫টি পাখির ঝাঁক দেখতে পাই। পাখিগুলো ওড়ার গতিপথের দিক লক্ষ করে প্রায় ১৫ মিনিট খোঁজ করার পর একটি বড় রেইনট্রি গাছের উঁচু ডালে ছোট ছোট পাঁচ-সাতটি দল খুঁজে পাই। পাখিগুলো তখন ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। কিছু পাখি তাদের শরীরের পালক খুঁটছিল। কয়েকটি ডাকাডাকি করছিল নিচু গলায় সুরেলা স্বরে। কিছুক্ষণ পর কয়েকটি পাখি রেইনট্রি গাছের নিচে অপেক্ষাকৃত মাঝারি উঁচু শেওড়াগাছের পাকা ফল খেতে আসছিল।
২৪ এপ্রিল সকালে গিয়েও প্রায় ২০টি পাখির একটি ঝাঁক দেখা গেছে। কয়েক দিনের পর্যবেক্ষণ থেকে বোঝা গেল, এ পাখিরা গাছের ওপরে থাকতে ভালোবাসে। তবে খাওয়ার প্রয়োজনে ছোট গাছে আসে। নিজেদের একটু আড়াল করে রাখতে ভালোবাসে। ওড়ার সময় ছোট থেকে মাঝারি ঝাঁকে উড়ে বেড়ায়। খুবই দ্রুতগতিতে ওড়ে। খাবারের জন্য এদের মাটিতে নামতে দেখা যায়নি। অন্য শালিক প্রজাতি, বিশেষ করে গো শালিক, ভাত শালিক, ঝুঁটি শালিক ও খয়রালেজ কাঠশালিকের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয় না। তবে চালচলনের অনেক বৈশিষ্ট্যে খয়রালেজ কাঠশালিকের সঙ্গে মিল আছে। এরা সাধারণত গাছের পাকা ফল খেতে ভালোবাসে। পাকা ফলের গাছে প্রায়ই আসে। সাধারণত সকালের দিকে খাবার খায়। দুপুরে ভরা পাতার গাছের মগডালে বিশ্রাম নেয়। এ পাখির ইংরেজি নাম Purple-backed Starling। এরা বাসা বাঁধে মে-জুন মাসে। বাংলাদেশ বাদে এটি চীন, কম্বোডিয়া, হংকং, ভারত, ইরান, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, লাওস, নরওয়ে, মিয়ানমার, রাশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশে পাওয়া যায়।