বেড়িবাঁধ ভেঙে তিন শতাধিক ঘরবাড়ি প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা গ্রামের হালচালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণাধীন বেড়িবাঁধের ৫০ মিটার গত মঙ্গলবার ভেঙে গেছে। এতে গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ভেসে গেছে দুই শতাধিক বিঘার চিংড়িঘের।
স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী পানি ঠেকাতে ভেঙে যাওয়া ওই এলাকায় রিং বাঁধ (বিকল্প বাঁধ) দেওয়ার এক ঘণ্টা পর তা জোয়ারের তোড়ে ভেঙে যায়।
আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মুঠোফোনে জানান, হালচালের বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পাউবোকে বারবার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় মঙ্গলবার তার কিছু অংশ ভেঙে যায়। পাউবো আশাশুনির শাখা কর্মকর্তা (এসও) আবদুল মতিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বরাদ্দ না পেলে মূল বাঁধ সংস্কার করা যাচ্ছে না।