বেণুবিহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতছড়ি জাতীয় উদ্যানের গাছে পুরুষ বেণুবিহন l ছবি: লেখক
সাতছড়ি জাতীয় উদ্যানের গাছে পুরুষ বেণুবিহন l ছবি: লেখক

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে হাঁটছি। উঁচু গাছের ওপর দিয়ে ধীরগতিতে কালো-হলুদ একটা কিছু উড়ে যেতে দেখলাম। নতুন কোনো পাখি ভেবে সঙ্গে সঙ্গেই ক্লিক করলাম। ছবি ভালো হলো না। তবে নিশ্চিত হলাম যে ও কোনো পাখি নয়। ২০১৩ সালের জানুয়ারির ঘটনা এটি। ২০১৬ সালের ১০ মার্চ লাউয়াছড়ার জোঁকপূর্ণ সর্পিল ছড়ায় হাঁটছিলাম, তখন রেলব্রিজের কাছাকাছি ভেজা বালুর ওপর ওকে বসে থাকতে দেখলাম। বড় দানাওয়ালা হালকা বাদামি রঙের বালুর ওপর কালো-হলুদ ডানার সুন্দর ও বড় পতঙ্গটিকে দেখতে বেশ লাগছিল। আমরা সাবধানে ওর ছবি নিলাম। এরপর হঠাৎ করেই ও পাখির মতো ডানা মেলে উড়ে গেল।
বড় ডানার সুন্দর এ পতঙ্গটি এ দেশের সবচেয়ে বড় প্রজাপতি বেণুবিহন (Common Birdwing)। ভারতের পশ্চিমবঙ্গে সোনাল নামেও পরিচিত। Papillionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম triodes helena.
বেণুবিহনের ডানা অনেক ছোট প্রজাতির পাখির ডানার চেয়েও বড়। প্রসারিত অবস্থায় এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত ১৪-১৯ সেন্টিমিটার লম্বা। সামনের ডানার ওপর ও নিচ পুরোপুরি কালো, শিরায় হালকা ধূসর আভা থাকতে পারে। পেছনের ডানা হলুদ ও শিরা কালো এবং ডানার প্রান্ত কালো ও ঢেউখেলানো। স্ত্রীর ডানায় কালো ঢেউয়ের পর এক সারি বড়সড় কালচে ফোঁটা। মাথা, পিঠ, চোখ, শুঁড় ও পা কালো। পেট হলদে, তাতে এক সারি ছোট কালো ফোঁটা। গলা ও বুক লাল। লেজ নেই।
বেণুবিহন বিরল প্রজাতির প্রজাপতি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের ঘন জঙ্গল ও খোলা প্রান্তরে দেখা যায়। সচরাচর উঁচু গাছের ওপর দিয়ে অলসভাবে দীর্ঘ সময় ধরে ওড়ে। পাতার ওপর ডানা মেলে রোদ পোহায়। সকাল ও বিকেলে ফুলে ফুলে উড়ে রস পান করে। পুরুষগুলো স্যাঁতসেঁতে মাটি থেকে রস চুষে নেয়।
স্ত্রী প্রজাপতি পোষক গাছের পাতা বা কাণ্ডের ওপর একটি করে গোলাকার কমলা রঙের ডিম পাড়ে। ছয় দিনে ডিম ফুটে কালো বা খয়েরি-মেরুন মখমলে শূককীট বের হয়। শূককীট ১৫ দিনে ৫ বার খোলস পাল্টিয়ে সবুজ বা পেঁয়াজ-বাদামি রঙের মূককীটে পরিণত হয়। ১৯-২০ দিন পর মূককীটের খোলস কেটে নতুন প্রজাপতি বেরিয়ে আসে। প্রজননের পর প্রাপ্তবয়স্ক প্রজাপতি অল্প কয়েক দিন মাত্র বাঁচে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে দেখা যায়।