বেশি ঝুঁকিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূতাত্ত্বিক কারণে দেশে বেশি ভূমিকম্পঝুঁকিতে আছে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল। কারণ, দেশের সীমান্তবর্তী এবং ভেতরের ভূ-চ্যুতিগুলো এই চার অঞ্চলের সন্নিহিত। অতীতে যেসব বিধ্বংসী ভূমিকম্প বাংলাদেশকে আলোড়িত করেছে, সেগুলোর উৎপত্তিস্থলই ছিল সীমান্তবর্তী এসব প্লেট বাউন্ডারি চ্যুতি এবং দেশের ভেতরের ডাউকি ও মধুপুর চ্যুতি। এগুলোই ওই চার অঞ্চলের জন্য বেশি বিপজ্জনক।
ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প গবেষকদের অভিমত, এই চ্যুতিগুলো ওই চার অঞ্চলের সন্নিহিত হওয়ায় এসব অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বেশি। তবে ‘টাইম প্রেডিক্টেবল ফল্ট মডেলিং ফর সিসমিক হ্যাজার্ড অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ শীর্ষক সাম্প্রতিক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ওই চ্যুতিগুলো থেকে নিকট ভবিষ্যতে বিধ্বংসী কোনো ভূমিকম্প সৃষ্টি হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম। তাঁরা বলেন, তবু ঝুঁকি থাকায় এখন থেকে ওই শহরগুলোতে পরিকল্পিতভাবে ভূমিকম্প প্রতিরোধী বাড়িঘর ও অবকাঠামো নির্মাণ করা উচিত। সম্ভাব্য দুর্যোগে মানুষকে উদ্ধারের সব ধরনের সুবিধা সৃষ্টির জন্যও এখন থেকেই কাজ করতে হবে, যেমন প্রস্তাব করা হয়েছে জাতীয় ভূমিকম্প কনটিনজেন্সি পরিকল্পনায়।
অবশ্য বিশেষজ্ঞরা এটাও বলছেন, এই চ্যুতিগুলো থেকে বিধ্বংসী ভূমিকম্প শিগগির সৃষ্টি হবে না ভেবে নিয়ে নিশ্চিন্তে বসে থাকারও সুযোগ নেই। কারণ, চ্যুতিগুলোতে সৃষ্ট দুটি বিধ্বংসী ভূমিকম্পের মধ্যবর্তী যেকোনো সময়ে মাঝারি মাত্রার (রিখটার স্কেলে ৬ মাত্রা পর্যন্ত) ভূমিকম্প হতে পারে। এই মাত্রার ভূমিকম্পও চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হবে। ভূতত্ত্ববিদ ও বিশেষজ্ঞ প্রকৌশলীদের অভিমত, ঝুঁকিপূর্ণ এসব অঞ্চলে ভূমিকম্পসহিষ্ণু মানসম্পন্ন বাড়িঘর ও অবকাঠামো নির্মাণ এবং ভূমিকম্পের সময় ও পরে করণীয় সম্পর্কে জনসচেতনতা এই ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনতে পারে।
বিশিষ্ট ভূমিকম্প গবেষক, দেশের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) জাতীয় বিশেষজ্ঞ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, পৃথিবীতে গত ১৫ বছরে যে কটি বিধ্বংসী ভূমিকম্প হয়েছে, তার মধ্যে ২০০১ সালে ভারতের ভুজে, ২০০৫ সালে পাকিস্তানে, ২০০৮ সালে চীনের সিচুয়ানে, ২০১০ সালে হাইতিতে ও ২০১১ সালে জাপানের ফুকুশিমার ভূমিকম্প উল্লেখযোগ্য। পর্যালোচনা করে দেখা গেছে, এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণ আইন না মেনে নিম্নমানের বাড়িঘর ও অবকাঠামো নির্মাণের কারণে। তিনি বলেন, একই কারণে বাংলাদেশের প্রধান শহরগুলোতেও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হবে অনেক অনেক বেশি।
বিশেষজ্ঞরা বলেছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত কয়েক বছরের ছোট ছোট ভূমিকম্পকে বড় কোনো ভূমিকম্পের আলামত বলে মনে করেন কেউ কেউ। তবে এর কোনো তাত্ত্বিক কিংবা বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ, তাত্ত্বিকভাবে কোনো বিধ্বংসী ভূমিকম্পের জন্য বড় ধরনের ভূ-চ্যুতি থাকতে হবে। যে অঞ্চলে এ রকম বড় কোনো চ্যুতি নেই, সেখানে ছোট ছোট ভূমিকম্প যতই হোক না কেন, তা বড় ভূমিকম্পের আলামত হতে পারে না। তা ছাড়া এ পর্যন্ত পৃথিবীর নানা স্থানে বিধ্বংসী কোনো ভূমিকম্পের আগে সেখানে ছোট ছোট ভূমিকম্প হয়েছে বলেও কোনো বাস্তব তথ্য মেলে না।
ভূমিকম্প গবেষক ও ভূতত্ত্ববিদেরা বলেন, চট্টগ্রাম অঞ্চলের জন্য বিপজ্জনক হচ্ছে প্লেট বাউন্ডারি ফল্ট-১। মধুপুর চ্যুতিটি ঢাকার জন্য যতটা বিপজ্জনক, তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক ময়মনসিংহ অঞ্চলের জন্য। ওই অঞ্চলের জন্য প্লেট বাউন্ডারি ফল্ট-২ (পিবিএফ-২)-এর ভূমিকম্পও কম বিপজ্জনক নয়। সিলেট অঞ্চলের জন্য বিপজ্জনক হচ্ছে ডাউকি চ্যুতি ও প্লেট বাউন্ডারি ফল্ট-৩। রংপুর অঞ্চলের জন্যও ওই দুটি চ্যুতি বিপজ্জনক।
দেশি-বিদেশি কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন, সৈয়দপুর এলাকায় চ্যুতি আছে। ১৮৯৭ সালের ভূমিকম্পে সৈয়দপুরে রেললাইন বাঁকা হয়ে গিয়েছিল। ওই চ্যুতি রংপুর অঞ্চলের জন্য বাড়তি বিপদের কারণ হতে পারে।