বেড়ায় ধানখেত চৌচির, দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রুটিপূর্ণ সেচব্যবস্থার কারণে পাবনা সেচ প্রকল্পের টি-১ নামের একটি সেচখালে ঠিকমতো পানি যাচ্ছে না। এর ফলে প্রায় দুই সপ্তাহ ধরে বেড়া উপজেলার জগন্নাথপুর, হাটুরিয়া ও বড়শিলা গ্রামের বোরো ধানের খেতে সেচ দেওয়া বন্ধ রয়েছে। এতে প্রায় দেড় হাজার বিঘা ধানখেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়া ও সাঁথিয়া উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে আসছে। এ জন্য প্রকল্প এলাকায় দুটি পাম্পস্টেশন, বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং ছোট-বড় অসংখ্য সেচখাল, নিষ্কাশন খাল খনন করা হয়েছে।
কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেন, জগন্নাথপুর, হাটুরিয়া ও বড়শিলা গ্রাম পাউবোর সেচ প্রকল্পের আওতায় রয়েছে। এসব গ্রামের কৃষকেরা ২০ বছরের বেশি সময় ধরে সেচখালের পানিতে বোরো আবাদ করে আসছেন। এবারও বোরোর আবাদ শুরুর সময় গ্রামগুলোর ফসলের মাঠ-সংলগ্ন সেচখালে পানি ছিল। কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরে সেচখালে পানি প্রায় আসছেই না। পানির অভাবে ধানগাছ শুকিয়ে মারা যাচ্ছে। অথচ এ সময় ধানগাছের গোড়ায় পানি রাখতে হয়।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, তিনটি গ্রামের বেশির ভাগ জমিতে বোরোর আবাদ করা হয়েছে। সেচের পানি না পেয়ে কোনো কোনো কৃষক শ্যালো ইঞ্জিন ভাড়া করে এনে জমিতে সেচ দিচ্ছেন। এতে তাঁদের চাষের খরচ অনেক বেড়ে যাচ্ছে। আর যেসব কৃষক এ ব্যবস্থা করতে পারেননি, তাঁদের জমি ফেটে চৌচির হয়ে গেছে।
জগন্নাথপুর গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, সেচখাল থেকে পানি না পেলেও পাউবোকে সেচচার্জ বাবদ বছরে বিঘাপ্রতি ১৮০ টাকা করে দিতে হবে। আবার শ্যালো ইঞ্জিনের মাধ্যমে পানি নিলে প্রতি বিঘায় দিতে হবে ৮০০ টাকা।
হাটুরিয়া গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘গতবারও সেচের পানির অভাবে ফলন পাই নাই। এবারও পানির অভাবে আমার দুই বিঘা জমির ধানগাছ শুকায়া ছন হয়া যাত্যাছে। এখন বৃষ্টির পানিই ভরসা হয়া দাঁড়াইছে।’
সেচখালের দায়িত্বে থাকা পাউবোর শাখা কর্মকর্তা (এসও) ওসমান গণি দাবি করেন, সেচখালে পানির কোনো সমস্যা নেই। গোটা টি-১ খালেই ২৪ ঘণ্টা ধরে পর্যাপ্ত পানি সরবরাহ করা হচ্ছে। তবে ওই এলাকাগুলো সেচখালের একেবারে শেষ প্রান্তে। এ জন্য সেখানে পানি সবার শেষে ও পরিমাণে কম পৌঁছায়। এ ছাড়া স্থানীয় লোকজন সেচখালে নোংরা আবর্জনা ফেলায় ও কেউ কেউ মাছ ধরার জন্য জাল পেতে রাখায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, ওই এলাকায় যাতে ঠিকমতো পানি যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখা হবে।