
বেড়িবাঁধ মাঝখানে দুভাগ হয়ে এক মাস ধরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আনোয়ারার বরুমচড়া ও জুঁইদণ্ডী ইউনিয়ন। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন। শঙ্খ নদের পাড় ঘেঁষে তৈরি বাঁধটি দুই ইউনিয়নের যোগাযোগের সড়ক হিসেবেও ব্যবহৃত হয়।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সাত কিলোমিটারের বেড়িবাঁধ সড়কটির মাধ্যমে দুই ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগ রক্ষা করা হতো। চলাচল করত সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। সড়কটি বরুমচড়া কানুমাঝির হাট এলাকা থেকে শুরু হয়ে শেষ হয়েছে জুঁইদণ্ডীর খুরু স্কুলে। বর্তমানের জুঁইদণ্ডীর গোদারপাড় এলাকায় ১৫০ মিটারের মতো বিলীন হয়ে গেছে। গোদারপাড় দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থান। লোকজন ওই অংশটি পার হচ্ছে নৌকায়। বাঁধের ভাঙা অংশে এলোমেলোভাবে পড়ে আছে বালুভর্তি জিওব্যাগ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ ও ২৪ জুলাই শঙ্খ নদে জোয়ারের পানির তোড়ে গোদারপাড় এলাকার বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি ওঠানামা করায় ২৬ জুলাই ওই অংশে বাঁধ বিলীন হয়ে যায়।
জুঁইদণ্ডীর বাসিন্দা ও বরুমচড়ার শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ের শিক্ষক মনজুরুল হক প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধ দিয়ে বরুমচড়ার দুই শতাধিক শিক্ষার্থী জুঁইদণ্ডী ইউনিয়নের জে কে এস উচ্চবিদ্যালয়ে আসা-যাওয়া করে। আগে গাড়ি নিয়ে কর্মস্থলে যেতে পারলেও এখন নৌকায় পার হতে হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, গত এক মাসে খালে পরিণত হওয়া অংশে দুবার বালুভর্তি সাড়ে তিন হাজার জিওব্যাগ দিয়ে কোনো রকমে পায়ে চলাচলের উপযোগী করা হলেও জোয়ারের কারণে এসব ব্যাগ শঙ্খে চলে গেছে। সর্বশেষ ২৩ আগস্ট রাতে দুই হাজারের বেশি ব্যাগ শঙ্খে চলে যায়। ফলে আবারও বন্ধ হয়ে যায় যোগাযোগ।
আনোয়ারার দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, গোদারপাড় এলাকার ভাঙা অংশ সংস্কারের জন্য ৮ কোটি ১৩ লাখ টাকার প্রকল্পের দরপত্র হয়েছে। কাজ পেয়েছে ইউনুছ অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। আর ওই প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন স্থানীয় ঠিকাদার জসিম উদ্দিন। ৩০ জুলাই থেকে কাজ শুরু হয়েছে।
জানতে চাইলে ঠিকাদার জসিম উদ্দিনের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ফারুক বলেন, গোদারপাড়ে সংস্কার করতে গিয়ে প্রায় ১৯ লাখ টাকা ব্যয় হয়েছে। সাড়ে তিন হাজার জিওব্যাগ দিয়ে বাঁধ সংস্কার করা হলেও কোনোভাবেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। কোরবানির ঈদের পর পুরোদমে কাজে হাত দেওয়া হবে।