বৈরী আবহাওয়া লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বৈরী আবহাওয়ার কারণে গতকাল রোববার দুপুরের পর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মুন্সিগঞ্জের মাওয়া (শিমুলিয়া) ও মাদারীপুরের কাওড়াকান্দি পথে নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। বরিশালের সঙ্গে অভ্যন্তরীণ নৌপথে ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

শরীয়তপুর: মাওয়া-কাওড়াকান্দি নৌপথের মঙ্গল মাঝি ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাদবর বলেন, পদ্মা উত্তাল থাকায়বিআইডব্লিউটিএ লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয়। এতে কয়েক হাজার যাত্রী ঘাটে আটকা পড়েন। বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা বেশ উত্তাল। তাই লঞ্চ, সি-বোট ও ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।

মাদারীপুরের শিবচরের ইউএনও ইমরান হোসেন বলেন, সকালে প্রশাসন পরীক্ষামূলকভাবে একটি যাত্রীশূন্য লঞ্চ নিয়ে পদ্মার মাঝে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে ফিরে আসতে বাধ্য হয়। পরে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গোয়ালন্দ (রাজবাড়ী): বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ বলেন, দুপুরের পর থেকে তীব্র বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পদ্মা ও যমুনায় উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। বেলা তিনটা থেকে ছোট আকারের সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেল সাড়ে চারটা থেকে বড় লঞ্চগুলোও বন্ধ করে দেওয়া হয়।               

এদিকে বাতাসের তীব্রতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বরিশাল: গতকাল দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ৬৫ ফুটের নিচে সব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।