শীতে নাজুক জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববারও অব্যাহত থাকতে পারে শীতের তীব্রতা। এবার শীত মৌসুমের শুরুটাই হয়েছে ঘন কুয়াশা দিয়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর-পশ্চিমের হালকা ঠান্ডা বাতাস। এই দুইয়ের যোগে এক সপ্তাহ ধরে যে কনকনে ঠান্ডা চলছে, তা নাজুক করে তুলেছে ঢাকাসহ সারা দেশের জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ কিংবা আগামীকাল সোমবার রাজশাহী, রংপুরসহ উত্তরের কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি একটু জোরে হলে ঘন কুয়াশা কেটে যাবে, সূর্যের দেখা মিলবে দিনের বেশির ভাগ সময়। এ সময় দেশের অন্য অনেক স্থানে আকাশ মেঘলা থাকবে। রাতে শীত, দিনে স্বাভাবিক ঠান্ডা—এভাবে তিন-চার দিন পার হওয়ার পর আরেক দফা তীব্র শীত পড়তে পারে। তা শৈত্যপ্রবাহের পর্যায়ে নেমে যেতে পারে।

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া পথে গড়ে দৈনিক ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকছে। রাতের কোচগুলোর চালকেরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে নিশানা ঠিক করে যানবাহন চালানো কঠিন হয়ে পড়ছে। ধীরে পথ চলতে গিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, সামান্য হলেও কুয়াশা কমছে, সঙ্গে শীতও। এক সপ্তাহ ধরে চলা তীব্র শীতের মূল কারণ ঘন কুয়াশা। সূর্য ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে যাওয়ায় দিনের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ফলে রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য থাকছে না। বৃষ্টি-বাতাস জোরে বইতে শুরু করলে ঘন কুয়াশা কেটে যাবে। তখন সূর্যের তাপে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়বে। রাতে শীতের তীব্রতা থাকবে এখনকার মতোই।

গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫, সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।