বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ
ঝোড়ো বাতাসের কারণে গতকাল সোমবার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে থাকে। বাতাসে পদ্মা-যমুনা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনার আশঙ্কায় এক ঘণ্টার বেশি সময় এ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় উভয় ঘাটের দুপাশে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। সকাল পৌনে আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে পর্যাপ্তসংখ্যক ফেরি থাকায় কোনো ঘাটে যানজটের সৃষ্টি হয়নি।
একই কারণে এ পথে গতকাল সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার জানান, প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল নয়টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।