বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ দেড় ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। এ সময় ঘাটে চলে আসা যাত্রীরা লঞ্চে উঠে অপেক্ষা করেন।
আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হলে নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় নদী পারাপারের জন্য ঘাটে আসা অনেক যাত্রী লঞ্চে আশ্রয় নেন। লঞ্চগুলো দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটেই নোঙর করে থাকে।
তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিকেল পাঁচটার দিকে কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হলেও পরে সতর্কতার সঙ্গে বড় ফেরিগুলো ছাড়া হয়।