ব্যবস্থাপনায় থাকছে না বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন-সহযোগীদের অর্থায়নে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড (বিসিসিআরএফ) পরিচালনায় অসম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক। ২০১০ সালের মে মাস থেকে বিশ্বব্যাংক তহবিলটি পরিচালনা করে আসছে। গত বছরের ডিসেম্বরে বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সহিষ্ণু তহবিল পরিচালনা না করার বিষয়ে সরকারকে তাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে।
২০০৯ সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড সরকার থেকে দেওয়া তহবিল নিয়ে বিসিসিআরএফ গঠিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ২০১৬ সালের জুন মাস পর্যন্ত এ তহবিলের দেখভাল করার কথা বিশ্বব্যাংকের। কিন্তু নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে চায় না বিশ্বব্যাংক। বর্তমানে এই তহবিলে ১৮ কোটি ৮০ লাখ ডলার রয়েছে। গত পাঁচ বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১৫ কোটি ৪০ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।
জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংক থেকে গত বছরের ডিসেম্বর মাসে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই তহবিলটির ব্যবস্থাপনায় আর থাকতে চায় না। তহবিলে অর্থায়নকারী অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে সরকার এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের জুনে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের বিসিসিআরএফ তহবিল ব্যবস্থাপনার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাংক ওই তহবিলের ওপরে একটি মধ্যবর্তী মূল্যায়ন করে তারা। এতে বলা হয়েছে বিসিসিআরএফ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে।
বিসিসিআরএফের একটি সূত্র জানায়, তহবিল থেকে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপ এবং দুর্নীতির আশঙ্কা থাকায় বিশ্বব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
তবে জলবায়ু প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারের একটি সূত্র জানিয়েছে, বিসিসিআরএফে অর্থায়নকারী উন্নয়ন-সহযোগীদের পক্ষ থেকে তহবিল ব্যবস্থাপনায় পৃথক একটি কর্তৃপক্ষ গঠনের বিষয়ে মত দিয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংকের কাজের ধরন নিয়েও কয়েকটি উন্নয়ন-সহযোগী দেশ আপত্তি তুলেছে।