ব্যাকটেরিয়ায় হাতির মৃত্যু, লেমুরের কারণ অস্পষ্ট

হাতিটি উদ্ধার হয় শেরপুরের ঝিনাইগাতী থেকে ১৯ ফেব্রুয়ারি। লেমুরটি মারা যায় গাজীপুরের সাফারি পার্কে, ২৫ ফেব্রুয়ারি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতিটি ব্যাকটেরিয়ার সংক্রমণে মারা গেছে। গত ১৯ ফেব্রুয়ারি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা আঠারঝোড়া এলাকা থেকে ১০-১২ বছর বয়সী বন্য এই মাদি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছিল।

অপরদিকে গবেষণাগারে পরীক্ষার পরও গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের লেমুরটির মৃত্যুর কারণ অস্পষ্ট রয়ে গেল। গত ২৫ ফেব্রুয়ারি লেমুরটির মৃত্যু হয়। সম্প্রতি লেমুরটির নমুনা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার (সিডিআইএল)।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসক সাদিয়া আফরিন ধারণা করেছিলেন, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটি মারা গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ল্যাবে নমুনা পাঠানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে হাতিটির নমুনা পরীক্ষা শেষের পথে। নমুনা পরীক্ষায় সম্পৃক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক ও সেখানকার ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান প্রথম আলোকে বলেন, হাতিটির শরীরে ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেনস ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে হাতিটি মারা গেছে।

আবু হাদী নূর আলী খান বলেন, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেনস একটি জীবাণু। মানুষ ও প্রাণী উভয়ই এই জীবাণুতে আক্রান্ত হয়। এগুলো সাধারণত মাটিতে, ঘাসে, পানিতে থাকে। প্রাণীর শরীরে কোনো জায়গায় অক্সিজেন-স্বল্পতা দেখা দিলে এই জীবাণু জন্ম নেয়।

এর আগে গত বছরের ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তের মালাকোচা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতি মারা যায়। এ ঘটনায় বন বিভাগের বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম চারজনকে আসামি করে ১৮ নভেম্বর শেরপুরের বন আদালতে হত্যা মামলা করেন। শেরপুরে হাতি মৃত্যুর ঘটনায় এটিই ছিল প্রথম হত্যা মামলা। এরপর ১৯ নভেম্বর নালিতাবাড়ী সীমান্তে আরেকটি হাতি মারা যায়। অসুস্থতার কারণে এটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করেছিলেন বন বিভাগের কর্মকর্তারা।

লেমুরের কারণ অস্পষ্ট

প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম চৌধুরী প্রথম আলোকে বলেন, পিসিআরে পরীক্ষা করে লেমুরের শরীরে কোনো জীবাণুর সংক্রমণ পাওয়া যায়নি। সংক্রমণ না পাওয়ায় লেমুরের মৃত্যুর কারণ তিনি প্রতিবেদনে উল্লেখ করেননি।

পার্ক কর্তৃপক্ষ লেমুরের ময়নাতদন্ত শেষে গবেষণাগারে পরীক্ষার জন্য নমুনা সিডিআইএলে পাঠিয়েছিল। সূত্র জানায়, ময়নাতদন্তকারীরা লেমুরের হার্ট অ্যাটাক বা এ রকম কিছু হয়েছিল বলে ধারণা করেছিলেন।

চলতি বছরের ২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা, ১২ জানুয়ারি একটি বাঘ ও ৩ ফেব্রুয়ারি একটি সিংহীর মৃত্যু হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি মারা যায় লেমুরটিও। তদন্ত কমিটির প্রতিবেদনে ১১টি জেব্রার শরীরে নাইট্রেট বিষক্রিয়ার আলামত পাওয়া যায়। অবশ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে একটি জেব্রা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্যও উঠে আসে। এ ছাড়া বাঘটি মারা যায় অ্যানথ্রাক্সে এবং সিংহী যক্ষ্মায়।