
পুরোদমে বর্ষা শুরুর আগেই গেল বছর দেশের হাওরাঞ্চলে বন্যা আঘাত হানে। এপ্রিলের শুরুতে বাংলাদেশের উজানে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এবং নদীগুলোতে পাহাড়ি ঢল নামে। ফলে ফসলরক্ষা বাঁধগুলো ভেঙে ও উপচে হাওরে পানি প্রবেশ করে। তলিয়ে যায় সেখানকার বছরের একমাত্র ফসল বোরো ধান। এত ফসলহানি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষত তৈরি করে। এর আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। বন্যায় নষ্ট হওয়া ১০ লাখ টন চাল, ২ হাজার মেট্রিক টন মাছ ও ১১ হাজার ৩০৫ টন গোখাদ্যের বাজারমূল্য ধরে এই হিসাব বের করে উন্নয়ন সংস্থাগুলোর জোট হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম।
হাওরে ফসলের ওই ক্ষতি দেশে চালের দামের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। বছরের প্রথম ফসল নষ্ট হওয়ায় চালের দাম বেড়ে যায়। জুনের শুরুতে আরেক দফা বন্যার কবলে পড়ে দেশ। গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উঁচুতে ওঠে নদীর পানির উচ্চতা। আগস্ট পর্যন্ত চলে ওই বন্যা। ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার পানি একযোগে বেড়ে গিয়ে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ৩২টি জেলার বড় অংশ ডুবে যায়। সরকারি হিসাবে এতে প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় ১২১ জন।
বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গত অক্টোবর মাসে প্রকাশিত গবেষণা অনুযায়ী ওই দুই বন্যায় দেশে মোট ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে এপ্রিলে হাওরে প্রথম দফার বন্যায় ৫ হাজার ৩০০ কোটি টাকা এবং জুন থেকে আগস্ট পর্যন্ত চলা বন্যায় ৯ হাজার ৮০০ কোটি টাকার ক্ষতি হয়। দ্বিতীয় দফা বন্যায়ও ক্ষতি হয় সাড়ে ছয় লাখ টন বোরো ফসলের।
সিপিডির হিসাব অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মাত্র ৩৬ দশমিক ৮ শতাং মানুষ সরকারি সহায়তা পেয়েছে। যারা পেয়েছে তারাও সাধারণত কিছুটা অবস্থাপন্ন মানুষ।