
বৃষ্টির পানি জমে থেকে বড় গর্তের সৃষ্টি হওয়ায় চাঁদপুর পৌর এলাকার বঙ্গবন্ধু বাইপাস সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ১৪ আগস্ট রাত থেকে ১৫ আগস্ট সকাল পর্যন্ত একটানা বর্ষণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চাঁদপুর পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, শহরকে যানজটমুক্ত রাখতে ও অন্য জেলার সঙ্গে সহজে সড়ক যোগাযোগের জন্য তিন বছর আগে চাঁদপুর পৌর কর্তৃপক্ষ শহরের মিশন রোডের মোড় থেকে ওয়্যারলেস রেলক্রসিং পর্যন্ত দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার এলাকায় বঙ্গবন্ধু বাইপাস সড়ক নির্মাণ করে। কিন্তু বাস, ট্রাক, ট্রাক্টরসহ ভারী যানবাহন চলাচল করায় দুই বছরের মাথায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। দুই মাস আগে এ কারণে এলাকাবাসী এই সড়কের দুই প্রান্তে ব্যারিকেড দিয়ে বড় বড় যানবাহন চলাচল বন্ধ করে দেন। ১৪ আগস্ট রাত থেকে ১৫ আগস্ট সকাল পর্যন্ত একটানা বর্ষণে সড়কটির পিচঢালাই পানিতে ধুয়ে গেছে। এতে সড়কের কমপক্ষে ১৫ স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের গাজীবাড়ি এলাকার সামনে সড়কের ২০ ফুট এলাকা ভেঙে খালের মতো হয়ে গেছে। পানির স্রোতের কারণে স্থানটি তিন ফুট গভীর হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির দুরবস্থার কারণে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি চাঁদপুর থেকে কুমিল্লা এবং ফরিদগঞ্জে চলাচল করতে পারছে না। আগে এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করত।
বঙ্গবন্ধু বাইপাস সড়কের পাশের এলাকার বাসিন্দা কবির হোসেন ও ইউসুফ জানান, বঙ্গবন্ধু সড়কের পাশের ভূঁইয়াবাড়ি, গাজীবাড়ি, মোল্লাবাড়ি, হাজিবাড়ি, ব্যাপারীবাড়ি, ছৈয়ালবাড়ি, খলিফাবাড়ি, খানবাড়ি, সরকারবাড়ি, মিজিবাড়ি, চেয়ারম্যানঘাটা, চক্ষু হাসপাতাল, মাদ্রাসা রোড এবং মুন্সিবাড়ির পাশের এলাকার অনেক খাল-বিল, ডোবা-নালা বালু দিয়ে ভরাট করে ফেলা হয়েছে। এতে এসব এলাকায় পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া এসব এলাকায় বৃষ্টির পানি নামার জন্য নালাও নির্মাণ করা হয়নি। ফলে বৃষ্টির পানি কোনো দিকে সরতে না পেরে বঙ্গবন্ধু সড়কের ওপর জমে থাকে। এ কারণে দ্রুত রাস্তাটি অচল হয়ে পড়েছে।
এদিকে বাইপাস সড়কটি ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহরের যানবাহনের চাপ এখন চাঁদপুর-কুমিল্লা সড়কটিতে পড়েছে। এ কারণে পথচারীসহ যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘কয়েক দফা প্রবল বৃষ্টির কারণে এই সড়কে কিছু কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে সড়কটির পুনঃসংস্কারের দরপত্র আহ্বান করেছি। দু-এক মাসের মধ্যে এটি একেবারেই যান চলাচলের জন্য উপযোগী হয়ে যাবে।’