বড় মাপের ভূমিকম্পে দেশে ভয়াবহ ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় বক্তব্য দেন ইউএসটিসি উপাচার্য জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ ভবন নির্মাণের কারণে বড় মাপের ভূমিকম্প হলে দেশে ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে। এ জন্য অবকাঠামো নির্মাণে ভূমিকম্পবিষয়ক বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ রোববার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) উদ্যোগে আয়োজিত ‘ভূমিকম্প সচেতনতা সৃষ্টি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় উপাচার্য জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক শুভ্র প্রকাশ দত্ত সভা সঞ্চালনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা অংশ নেন।

জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশ একটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ স্থান। দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের মতো জনবহুল এলাকা বেশি ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। এ জন্য ভূমিকম্প মোকাবিলায় নতুন ভবন বা অবকাঠামো নির্মাণে ভূমিকম্পবিষয়ক বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এ ছাড়া অব্যবহারযোগ্য, সংস্কারযোগ্য ও ঝুঁকিপূর্ণ ভবন কিংবা অবকাঠামো চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ কাঠামোগুলো ভেঙে ফেলতে হবে।

ভবন নির্মাণের সঙ্গে জড়িত প্রকৌশলী, স্থপতি, নকশাবিদ, নির্মাতা, বাড়ির মালিক ও জনসাধারণকে সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।
গত শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্ত। ওই ভূমিকম্পে বিভিন্ন স্থানের ভবন কেঁপে ওঠে। এতে অনেকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ভূমিকম্পে চট্টগ্রাম নগরের দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়।