
গ্রামের কোনো মিঠাপানির পায়ের গোড়ালি অবধি জলাশয়ে অথবা ধানখেতে শরৎ ও হেমন্তের সময়ে অঢেল বড়নুখা ফুলের বুনো আগাছা দেখা যায়। কেউ হয়তো বারেক ফিরে তাকায়। কেউ চোখ মেলে রঙের নাচন দেখে। যখন শাপলা ফুলের মতো পুরো জলাভূমি নীল ফুলের প্রস্ফুটনে ছেয়ে যায়, সেই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। একটি বর্ষার ফলার মতো পাতার এক পাশে ফিকে নীল বর্ণের পাপড়ি নিয়ে ফোটে বড়নুখা। পাপড়ির মাঝখানে থাকে পুংকেশর। ফুলের রং অনেকটা কচুরিপানার মতো। কচুরিপানা ও বড়নুখা একই পরিবারভুক্ত জলজ উদ্ভিদ হলেও বড়নুখা শিকড়বদ্ধ জলজ উদ্ভিদ (শিকড় মাটিতে প্রোথিত এবং কাণ্ড জলের ওপরে থাকে), কিন্তু কচুরিপানামুক্ত ভাসমান (শিকড় ও দেহ জলে ভেসে থাকে) জলজ উদ্ভিদ, শিকড় মাটিতে প্রোথিত থাকে না। বাংলার হাওর, বাঁওড়, খালের পাড়ে, জলাশয়ে প্রচুর বড়নুখা দেখা যায়। নানা প্রকার জলজ উদ্ভিদ; বিশেষ করে কলমি, হেলেঞ্চা, শাপলা ও বড়নুখা মিলে কোনো বিস্তীর্ণ জলাশয়কে আলোকিত করে ফেলে। বড়নুখার আদি আবাস ভারতীয় উপমহাদেশে। এখান থেকে ছড়িয়ে পড়েছে চীন, শ্রীলঙ্কা ও মালয় দ্বীপপুঞ্জে।
Pontederiaceae পরিবারের এ ফুলের বৈজ্ঞানিক নাম Monochoria hastate। ইংরেজি নাম Arrowleaf False Pickereweed। ভেষজ গুণে গুণান্বিত এই উদ্ভিদ। দাঁতের ব্যথা প্রশমনে এর শিকড়ের রস কার্যকর। শিকড়ের ছালও হাঁপানি রোগে বেশ ফলদায়ক। গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়।
বড়নুখা লম্বা মূলাকার কাণ্ডসহ বীরুৎ জাতীয় বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। কাণ্ড ৪০-৫০ সেন্টিমিটার লম্বা। তির্যকভাবে খাড়া। পত্র অসংখ্য শিরাযুক্ত। পুষ্পমঞ্জরি খাটো বৃন্তযুক্ত, ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা এবং প্রায় গোলাকার। পুংকেশর ছয়টি, সাদা, পুংদণ্ড প্রায় সমান ও সাদা। পরাগধানী আয়তাকার, সবচেয়ে লম্বাটি নীল, অন্যগুলো হলুদ। ফল ক্যাপসিউল, এক থেকে ছয় সেন্টিমিটার লম্বা। বীজ আয়তাকার, ফিকে এবং পাতলা, প্রান্ত গোলাকার। প্রায় সারা বছর ফুল ফুটলেও শরৎ ও হেমন্তের সময় সবচেয়ে বেশি ফোটে। বড়নুখা বাংলাদেশের সব জেলার স্বাদু পানির জলাভূমিতে দেখা যায়। কাণ্ড ও পাতা কেউ কেউ সবজি হিসেবে খেয়ে থাকেন। বাংলাদেশে বড়নুখা প্রচুর দেখা যায়। সুনামগঞ্জের হাওরে, সিলেট, মৌলভীবাজার ও বরিশালের জলাভূমিতে অঢেল বড়নুখা দেখেছি। বাংলাদেশে আরেক প্রজাতির নুখা আছে, সেটি সরু কচু নামেও পরিচিত। কোথাও কোথাও এটি শোভাবর্ধন জলজ উদ্ভিদ হিসেবে লাগানো হয়।