ভরা ফাল্গুনে রোদ-বৃষ্টির খেলা

আজ দুপুরের দিকে রাজধানী ঢাকার আকাশ ছেয়ে গেল ধূসর মেঘে। দিনভর বৃষ্টির পূর্বাভাস। তবে ফাগুনের এই সময় তা বেমানান। শিগগরিই সশব্দে শিল পড়তে লাগল, নামল ঝুম বৃষ্টি। ভরা বসন্তে যেন নেমে এল ঘোর বর্ষা। কর্মব্যস্ত ঢাকার রাজপথে বেসামাল পথচারীরা তখন মাথার ওপর একটুখানি ছাউনি খুঁজতে ছোটাছুটি করছেন। কেউ কেউ তো ভিজে সারা। খানিক পরই আবার ঝাঁজাল রোদের দেখা।

এবার ফাল্গুন এসেছে উষ্ণতা নিয়ে। শীতের দুয়ারে ঝুপ করে ঝাপ ফেলে কয়েক দিন ধরেই মৃদু লু হাওয়া বইছিল। আজকের হঠাৎ বৃষ্টি এতে শীতল পরশ নিয়ে এল। ভোররাতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাঙামাটিতে ৬১ এবং মাদারীপুরে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লা, ফেনী, শ্রীমঙ্গল, গোপালগঞ্জ, খুলনায়ও বৃষ্টি হয়েছে বেশ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ বুধবারও রাজধানী এবং এর আশপাশের এলাকায় দিনভর বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।