ভরা বর্ষায়ও শুকনো বড়াল
বড়াল নদকে বাঁচাতে সংসদীয় কমিটির সুপারিশ নয় মাসেও বাস্তবায়ন করেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফলে ভরা বর্ষায়ও নদটিতে পর্যাপ্ত পানি নেই। আর বড়ালের পানি নেওয়ার জন্য ভাটিতে দুটি নদী খনন করা হলেও তা বিফলে যাচ্ছে।
বড়ালের দুটি জলকপাটের (স্লুইসগেট) নিচের নির্গমনপথ (ভেন্ট) ভেঙে দিয়ে অথবা প্রশস্ত করে পানি ছাড়ার জন্য সুপারিশ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি কমিটি গত বছরের ২২ অক্টোবর। পাউবো সূত্র জানায়, বড়ালের ৪৬ কিলোমিটার এলাকায় সেচের জন্য পানি ধরে রাখার উদ্দেশ্যে ১৯৮৫ সালে নদটির উৎসমুখ রাজশাহীর চারঘাটে একটি এবং পরে ভাটিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘোরিতে আরেকটি জলকপাট বা রেগুলেটর বসানো হয়। এর পর থেকে নদের পানির আগের প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগে যেখানে প্রায় ৩১ থেকে ৩৫ হাজার কিউসেক পানি প্রবাহিত হতো, এখন তা পাঁচ হাজার কিউসেকের নিচে নেমে এসেছে। বস্তুত বড়াল এখন প্রায়মৃত।
বড়ালকে বাঁচাতে স্লুইসগেট দুটি অপসারণের জন্য ২০১২ সালের ২২ নভেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি আবেদন করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক এবং পাখিদের আশ্রয় ও খাদ্য নিশ্চিতকরণ প্রকল্পের সমন্বয়কারী যশোধন প্রামাণিক। এতে বলা হয়, গেট দুটি ভেঙে দিলে সারা বছর নদে পানি থাকবে এবং সব প্রাণীর আবাস ও অস্তিত্ব নিশ্চিত হবে।
একই দাবিতে ২০০৯ সালে রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), থানাপাড়া সোয়ালোজ, রোলফাও, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও চলনবিল উদ্যোগ সোসাইটির যৌথ উদ্যোগে আন্দোলন শুরু হয়। চারঘাটে গত মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, জলকপাটের ৮ বাই ২০ ফুট আয়তনের তিনটি ভেন্টের দুটিই বন্ধ এবং একটি সামান্য খোলা রয়েছে। তার ভেতর দিয়ে কোনোরকমে অল্প পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। গেটের পশ্চিম পাশে উজানে পানি ফুলে উঠেছে।
এদিকে, বড়ালের ভাটিতে ‘নারদ নদী, মুসাখাঁ খাল আংশিক ও বড়াল স্লুইসগেটের ইনটেক চ্যানেল পুনর্খনন’ প্রকল্পটি ২০০৮ সালের ১৬ নভেম্বর পাস হয়। ১৩ কোটি টাকার ওই প্রকল্পের আওতায় এক কোটি টাকা ব্যয়ে বড়াল নদের উৎসমুখ এবং বাকি টাকায় নারদ ও মুসাখাঁ খনন করা হয়। বড়ালে পানি না থাকায় এই বিপুল পরিমাণ সরকারি অর্থের শুধুই অপচয় হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, বড়ালকে কেন্দ্র করে পাউবোর সব প্রকল্পে বড়ালকে শুধু ধ্বংসই করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, পাউবো শুধু প্রকল্প তৈরির জন্যই রেগুলেটর তৈরি করে বড়ালকে হত্যার আয়োজন করে।
স্থানীয় সূত্র জানায়, বড়ালে পানির অভাবে তিন উপজেলার (বাঘা, চারঘাট ও বাগাতিপাড়া) প্রায় দুই হাজার জেলে পরিবার বেকার হয়ে পড়েছে। তাদের অনেকেই এখন অন্য পেশায় চলে গেছে। আর বড়ালে পানি না থাকায় প্রায় ১৬ প্রজাতির মাছ হারিয়ে গেছে। ৫০টি গ্রামের প্রায় দুই হাজার একর জমি উর্বরতা শক্তি হারিয়ে অনাবাদি হয়ে পড়েছে। সেচের কাজও ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে।
বড়ালে জলকপাট দুটি নাটোর পাউবোর আওতায় রয়েছে। সেখানকার নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, শুধু ভেন্ট ভেঙে দেওয়ার আংশিক প্রকল্প ফলপ্রসূ হবে না। বড়ালের সঙ্গে যুক্ত আরও ছোট ছোট নদী রয়েছে। সবগুলোকে নিয়ে একটি সমন্বিত প্রকল্প করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সমীক্ষার পরমর্শক নিয়োগের জন্য তাঁরা মন্ত্রণালয়কে জানাচ্ছেন।