
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের বিলুপ্ত ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলটির সঙ্গে উপজেলা শহরের যোগাযোগের একমাত্র সড়কের (বাঁশকাটা-ঘোষপাড়া) প্রায় আধা কিলোমিটার ধরলা নদীতে বিলীন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে পাঁচটি গ্রামের মানুষ।
ওই পাঁচটি গ্রাম হলো বাঁশকাটা, দয়ালেরটারী, মোমিনপুর, বসটারি ও ঘোষপাড়া। এসব গ্রামের আবাদি জমি, বাড়িঘর, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা ধরলা নদীর ভাঙনের হুমকির মুখে রয়েছে। বর্ষা মৌসুমের আগেই ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা না নিলে ফের পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মাহমুদুননবী বলেন, ‘এলাকার রাস্তাঘাট সংস্কারসহ বাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাঁশকাটা-ঘোষপাড়া গ্রামের মাঝামাঝি অংশে ধরলা নদী বাঁক নিয়েছে। নদীর বাঁকে স্রোতের ঘূর্ণন ও ধাক্কায় গত বর্ষায় পাঁচ কিলোমিটার দীর্ঘ বাঁশকাটা-ঘোষপাড়া কাঁচা সড়কটির মোমিনপুর থেকে ঘোষপাড়া পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ বিলীন হয়ে গেছে। পথচারীরা পাশের জমির ফসল নষ্ট করে বিকল্প সরু সড়ক দিয়ে চলাচল করছে।
বাঁশকাটা গ্রামের রেজাউল করিম বলেন, ‘গ্রামের ছোটখাটো কাঁচা রাস্তাগুলো মেরামত করাসহ উপজেলা সদরে যাওয়ার প্রধান সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার। এ ছাড়া এখানকার চারটি গ্রাম রক্ষায় বর্ষার আগেই ধরলা নদীতে বাঁধ দেওয়া জরুরি। ৬৮ বছর ধরে আমরা উন্নয়ন দেখিনি।’
ঘোষপাড়া গ্রামের দেলজান খাতুন বলেন, ‘নদীটা যদি বান্দি না দেয়, তাহলে হামরা আর ভাত খাবার পামো না। ভাঙ্গি জমিজমা-বাড়িঘর নদীত চলি যায়। আর হামরালা ফকির হই। কনতো এলা তোমরালা। হামরালা বাচিম কেমন করি।’
বসটারি গ্রামের মোকছেদুল হোসেন বলেন, ‘নদীর ভাঙনে এ পর্যন্ত পাঁচবার বাড়ি সরাতে হয়েছে। জমিজমা সবই নদীগর্ভে গেছে। ভাঙনের ভয়ে গ্রামের ৯৯ জন মানুষ ভারতে চলে গেছেন। এরপরও ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী বলেন, ভাঙনকবলিত এলাকায় সেতু নির্মাণ ও ছোট-বড় সড়কগুলো মেরামতে টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতান মাহমুদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকল্পগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দল এসে সরেজমিনে নদীভাঙন এলাকা পরিদর্শন করেছে। তারা একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এখন তা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।