ভাঙনের কবলে দুই কিলোমিটার সড়ক

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে আনুমানিক দুই কিলোমিটার জায়গাজুড়ে এক সপ্তাহ ধরে মধুমতী নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। এর ফলে কামারখালী-রউফনগর সড়কের তিনটি স্থানে রাস্তা ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
ওই সড়কের গন্ধখালী, ফুলবাড়িয়া ও রাজদারপুর গ্রামে মধুমতী নদীর তীরসংলগ্ন দুই কিলোমিটার জায়গা ভাঙনের কারণে ১০টি বসতবাড়ি সরিয়ে নিতে হয়েছে। বন্ধ হয়ে গেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে যাওয়ার একমাত্র পথ।
সরেজমিনে দেখা যায়, ওই তিনটি জায়গার মধ্যে গন্ধখালী এলাকার ভাঙনের মাত্রা সবচেয়ে বেশি। সেখানে আনুমানিক ৫০০ মিটারজুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর ফলে নদীর পাড় ভেঙে ১০ ফুট প্রস্থের পাকা সড়কটির এক ফুট অংশ অবশিষ্ট আছে। ভাঙনের হুমকিতে আছে গন্ধখালী ও দয়ারামপুর এলাকার চারটি বিদ্যালয়। ওই এলাকার ইউনুস মৃধা, সালাম মৃধা, সিরাজ মোল্লা, আইউব হোসেন মোল্লা, মতিয়ার মোল্লা ও আলাউদ্দীন শেখের ১০টি বসতঘর ও দুটি নলকূপ অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
আইউব হোসেন মোল্লা বলেন, ‘এক সপ্তাহ ধরে এ ভাঙন শুরু হয়েছে। আমাদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আমাদের ঘরগুলো ভেঙে সরিয়ে ফেলতে হয়েছে।’
নদীভাঙনে ওই এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চবিদ্যালয়, দয়ারামপুর উচ্চবিদ্যালয় এবং গন্ধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে। এ ছাড়া এলাকার একমাত্র যোগাযোগের পথে ভাঙন শুরু হওয়ায় শিক্ষার্থীদের প্রচণ্ড ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বিদ্যালয়ের শিক্ষার্থী রিমা খাতুন ও ফজলু শেখ জানায়, তাদের বাড়ি দয়ারামপুর গ্রামে। বাড়ি থেকে বিদ্যালয়ে আসার একমাত্র পথ কামারখালী-রউফনগর সড়ক। কিন্তু গন্ধখালী এলাকায় সড়কটি প্রায় সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ায় বিদ্যালয়ে আসা-যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, গন্ধখালী এলাকায় রাস্তাসহ বাড়িঘর ভেঙে যাওয়ায় ওই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবউল্লাহকে জানানো হয়েছে। ইউএনও মোহাম্মদ হাবিবউল্লাহ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। ভাঙনে যাঁদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাঁদের সরকারি খাসজমি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভূঁইয়া বলেন, ‘গত বছরও তিনটি জায়গা ভেঙে গিয়েছিল। আমরা সংস্কারকাজ করেছিলাম। এবার সেই তিনটি জায়গাতেই ভাঙন দেখা দিয়েছে।’
পাউবো ফরিদপুরের প্রধান প্রকৌশলী আবু মো. শফিউল আজম বলেন, যাদের সড়ক তাদের ব্যবস্থা নিতে হবে। সড়কটি এলজিইডির। এ ব্যাপারে তাদেরই পদক্ষেপ নিতে হবে।