
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামে বাড়ি ছিল হোসেন শেখের। এক মাস আগে নদীগর্ভে বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। আশ্রয় নিয়েছেন ৩ কিলোমিটার দক্ষিণের পাঠানবাড়ি গ্রামে। এক সপ্তাহ ধরে সে জায়গায়ও বন্যার পানি প্রবেশ করেছে।
দিনমজুর হোসেন শেখের পরিবারে সাত সদস্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। এক মাস ধরে এলাকায় কোনো কাজ নেই। ভাঙনের পর জেলা প্রশাসনের দেওয়া ২০ কেজি চাল আর প্রতিবেশীদের দেওয়া কিছু সহায়তায় অর্ধাহার-অনাহারে কয়েক দিন কাটিয়েছেন। এখন ঘরে খাবার নেই। গতকাল শুক্রবার সকালে দুটি মুরগি নিয়ে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। ওই মুরগি বিক্রি চরে চাল-ডাল কিনে আনবেন, তারপর ঘরে রান্না হবে বলে জানালেন।
শুধু হোসেন শেখই নয়, এমন চিত্র নড়িয়া ও জাজিরা উপজেলার নদী ভাঙনকবলিত প্রায় দেড় হাজার পরিবারের। নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে যেখানে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেখানেও বন্যার পানি ঢোকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। এর ওপরে এলাকায় কোনো কাজ না থাকায় মানুষগুলো দুই বেলা খাবার জোগাড় করার দুশ্চিন্তায় আছেন।
হোসেন শেখ গতকাল শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘দিনমজুরের কাজ করি। যা আয় করি, তা দিয়েই কষ্ট করে সংসার চালাই। পদ্মা নদীর ভাঙন আমাদের নিঃস্ব করে দিয়েছে। যেখানে আশ্রয় নিয়েছি, সেখানে পানি। এলাকার বিভিন্ন স্থানে পানি। কোনো কাজ নাই, ঘরে খাবার নাই। পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে বাঁচব!’
গতকাল শুক্রবার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি, চেরাগ আলী ব্যাপারীকান্দি, পাঠানবাড়ি, কালিকা প্রসাদ ও জাজিরা উপজেলার খালাসিকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। অধিকাংশ পরিবারের ঘরে পানি ঢুকে গেছে। কোনো কাজ না থাকায় পরিবারের পুরুষ সদস্যরা ঘরে বসে আছেন। গবাদিপশু ও শিশুদের নিয়ে পড়েছেন বিপাকে। অনেকে উঠানে উঁচু মাচা বানিয়ে গবাদিপশু রেখেছেন।
নড়িয়া উপজেলার উত্তর ঈশ্বরকাঠি গ্রামের অলি চৌকিদার বলেন, ‘পদ্মার ভাঙনে একদফা আমরা নিঃস্ব হয়েছি। আবার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। উঠানে পানি, ঘরে পানি, সারা গ্রামে পানি। ঘরে খাবার নাই, খাবার জোগাড় করতে পারলেও রান্না করতে পারছি না। শিশু ও গবাদিপশু নিয়ে ভীষণ বিপাকে আছি।’
এক সপ্তাহ ধরে পদ্মার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে পদ্মার পানি প্রবাহিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় নড়িয়া উপজেলার ৮টি ও জাজিরার ৪টি ইউনিয়নের নিচু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে ১২টি ইউনিয়নের ৪৮টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। এলাকার অধিকাংশ বাড়ির উঠান, অনেকের বসতঘরে পানি।
অন্যদিকে জুন মাস থেকে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন চলছে। ভাঙনে এ পর্যন্ত ২ হাজার ৭৪০টি পরিবার গৃহহীন হয়েছে। এদের মধ্যে নড়িয়ার মোক্তারের চর, জাজিরার কুণ্ডের চর ও বিলাসপুর ইউনিয়নে গৃহহীন হয়েছে ১ হাজার ৫৫২টি পরিবার। পরিবারগুলো ভিটেমাটি হারিয়ে আশপাশের গ্রামের খোলা জায়গা ও ফসলি জমি ভাড়া নিয়ে আশ্রয় নিয়েছে। এক সপ্তাহ ধরে ওই এলাকাগুলো বন্যার পানিতে তলিয়ে আছে।
জাজিরা উপজেলার কালু ব্যাপারীকান্দি গ্রামের মজিবুর রহমান মাদবর বলেন, ‘পদ্মা নদীতে বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। পাশের উপজেলার খালাসিকান্দি গ্রামে আশ্রয় নিয়েছি। সে গ্রামটি পানিতে তলিয়ে গেছে। ছাপরাঘর করে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছিলাম, সেই ঘরের মধ্যেও পানি উঠে গেছে। এদিকে কোনো কাজ না থাকায় বেকার হয়ে আছি। ঘরে কোনো খাবার নাই। খুব অসুবিধার মধ্যে আছি।’
শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহাবুবা আক্তার বলেন, বন্যা এখনো শরীয়তপুরে হয়নি। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় কিছু নিম্নাঞ্চল তলিয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তাঁদের খাদ্যসহায়তা হিসেবে চাল ও টাকা দেওয়া হবে।