ভাঙনের মুখে রাজশাহী শহর রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার অব্যাহত ভাঙনের হুমকির মুখে পড়েছে রাজশাহী শহর রক্ষা বাঁধ। রাজশাহীর নবগঙ্গা এলাকায় শহর রক্ষা বাঁধ থেকে গতকাল মঙ্গলবার ভাঙনস্থল ছিল মাত্র ৬৯ মিটার দূরে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে শহর রক্ষা বাঁধের ৫ নম্বর গ্রোয়েন থেকে ৩ নম্বর গ্রোয়েনের মাঝখানে প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ৩ নম্বর গ্রোয়েনের পূর্ব পাশে নগরের বুলনপুরের ৩০০ মিটার এলাকায় ভাঙন তীব্রতর হয়েছে। এখানে শহর রক্ষা বাঁধ থেকে মাত্র ৩০০ মিটার দূরে রয়েছে পদ্মা নদী।
গতকাল নগরের বুলনপুর, নবগঙ্গা, বসরি ও সোনাইকান্দি এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়ায় নদীতরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি পাউবোর কর্মকর্তাদের ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
গত বছর এপ্রিলে নগরের বুলনপুর নীচপাড়া এলাকায় শ্মশানঘাটের সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। কয়েক দিনের ভাঙনে পদ্মা নদী একেবারে শ্মশানের সীমানাপ্রাচীরের কাছে চলে এসেছে। স্থানীয় কৃষক আবদুল মান্নান (৬০) বলেন, পদ্মা নদীর চরে গুচ্ছগ্রামে তাঁর বাড়ি ছিল। পদ্মার ভাঙনে বাড়িঘর হারিয়ে এখানে এসে ঘর তৈরি করে ১৫ বছর ধরে বসবাস করছেন। পাকা বাড়িও করেছেন। এ বাড়ি ভেঙে গেলে আর যাওয়ার কোনো জায়গা থাকবে না।
প্রতিবেশী সন্তোষ কর্মকার (৪৫) বলেন, নিজের কোনো জায়গাজমি নেই। ১০ বছর ধরে এই এলাকায় সরকারি জমিতে বাড়িঘর করে বসবাস করছেন। এখন নদী যেভাবে ভেঙে আসছে, তাতে এখানেও আর থাকা যাবে না। যাওয়ারও আর জায়গা থাকবে না।
নবগঙ্গা এলাকার ব্যবসায়ী সাদেক আলী বলেন, অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই এলাকায় ভাঙন তীব্রতর হচ্ছে। তিনি বলেন, বালু তোলার কারণে নদীর তলদেশ গভীর হয়ে গেছে। এ জন্য এলাকায় ভাঙন তীব্র হচ্ছে। পাড়ও ভেঙে পড়ছে। কৃষক সাইফুল ইসলাম (৩৫) বলেন, প্রশাসনের পক্ষ থেকে যখন অভিযান চালানো হয়, তখন বালু উত্তোলন বন্ধ থাকে। পরে আবার শুরু হয়।
গতকাল নবগঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, নদীর ধারে বিশাল বালুর স্তূপ। সেখান থেকে ট্রাকযোগে সারা দিনই বালু পরিবহন করা হচ্ছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, নবগঙ্গা এলাকায় ভাঙন একেবারে বাঁধের কাছে চলে এসেছে। গত সোমবার ভাঙন ৭০ মিটার দূরে ছিল। গতকাল আরও এক মিটার এলাকা ভেঙে গেছে।
তিনি আরও বলেন, ভাঙনরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে জরুরি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া, কাল (আজ বুধবার) ওই এলাকায় একটি ‘ডিজাইন টিম’ পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় বরাদ্দের জন্য আবেদন করা হবে।