ভারতের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'হুদহুদ'
উত্তর আন্দামান সাগরে গত সোমবার সৃষ্ট ঘূর্ণিবায়ু শক্তি বাড়িয়ে এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘হুদহুদ’। আজ বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি উত্তর আন্দামান পেরিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত চলে এসেছে। তবে এর গতিপথ এখনো বাংলাদেশের দিকে নয়। এটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়, আজ সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে যথাক্রমে ১ হাজার ১১৫ ও ১ হাজার ১৭০ কিলোমিটার এবং কক্সবাজার থেকে ১ হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা ও ঝোড়ো হাওয়ার বেগে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।