ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ডিএনডির নিম্নাঞ্চল
ভারী বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর টানা বর্ষণে ডিএনডির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়িঘর, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। শিমরাইলের পাম্পহাউস কর্তৃপক্ষ বলেছে, পানি নিষ্কাশনে পাম্পগুলো অনবরত চালানো হচ্ছে। কিন্তু দ্রুত পানি নিষ্কাশনে আরও দুটি পাম্পহাউস স্থাপন করা প্রয়োজন।
টানা বর্ষণে ডিএনডির নিম্নাঞ্চলের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ, ফতুল্লার কোতালেরবাগ, দক্ষিণ সস্তাপুর, লালপুর, সেহাচর, রাজধানী ঢাকার ডেমরা ও শ্যামপুরসহ চারটি থানার মিজমিজির পাইনাদী, সিআইখোলা, কালাহাতিয়ার পাড়, নতুন মহল্লা, মজিববাগ, রসুলবাগ, নয়াআটি, নিমাইকাশারী, সানারপাড়, টেংরা, কোদালদাহ, তুষার ধারা, বক্সনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাঘমারা, সাদ্দাম মার্কেট, জালকুড়ি, হাজীনগর, মাতুয়াইল, শহীদনগর, সবুজবাগ, ভূঁইঘর, দেলপাড়া, ডগাইর, নয়াপাড়া ও ধনকুন্ডাসহ আরও অনেক এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, সবজিখেত পানিতে ডুবে গেছে।
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার বাসিন্দা সানোয়ার হোসেন জানান, ভারী বর্ষণে তাঁর বাড়ির উঠানে হাঁটুপানি জমে গেছে। নতুন মহল্লার নুরুল ইসলাম বলেন, সেখানকার ড্রেন ও রাস্তাঘাট তলিয়ে গেছে। ময়লা-আবর্জনা ও নর্দমার পানি মিশে একাকার। নোংরা পানিতে চলাচল করছে মানুষ।
পূর্ব ইসদাইর এলাকার পোশাকশ্রমিক জ্যোৎস্না বেগম জানান, সকালে ঘুম থেকে জেগে দেখতে পান, তাঁদের ঘর পানিতে তলিয়ে গেছে। উঠানে হাঁটুপানি। ডুবে গেছে রান্নাঘরও। জালকুড়ি এলাকার কৃষক দীন ইসলাম জানান, তাঁদের পুঁইশাক ও কলমিশাকসহ অন্যান্য সবজি ও ফসলের খেত তলিয়ে গেছে। এই এলাকার অনেকে কৃষির ওপর নির্ভরশীল। ডিএনডি কর্তৃপক্ষের অবহেলায় এখন তাঁরা অনেক ক্ষতির সম্মুখীন।
জানতে চাইলে শিমরাইলের পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী এম গোলাম সারওয়ার বলেন, শিরোইল পাম্পহাউসে ৫১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন চারটি ও ১১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন ২২টি ছোট পাম্প দিয়ে অনবরত পানি নিষ্কাশন চলছে। কিন্তু খাল ভরাট ও দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তা ছাড়া, পুরোনো পাম্পের কারণে ও পাম্পের সংখ্যা কম হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না।
আরও অন্তত দুটি পাম্পহাউস নির্মাণ করলে ডিএনডিবাসী উপকৃত হবেন বলে নির্বাহী প্রকৌশলী গোলাম সারওয়ার মনে করেন।