ঝলমলে প্যারিসের অনেক ভবনের আলো নিভতে থাকে গত বৃহস্পতিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু লো বুর্জে জলবায়ু সম্মেলন কেন্দ্রের আলো জ্বলেছিল সারা রাতই। ভোর পাঁচটা পর্যন্ত চলে তুমুল আলোচনা আর তর্ক-বিতর্ক। প্যারিস চুক্তির খসড়াটি চূড়ান্ত করার বিষয়ে রাষ্ট্রগুলো মোটাদাগে একমত হলেও শেষ পর্যন্ত দুটি বিষয়ে দেখা দেয় ভিন্নমত। এ দুটি বিষয় মিটিয়ে ফেলার জন্য আলোচনার সময় বাড়ানো হয় আরও এক দিন। আজ শনিবার শেষ হবে এই সম্মেলন।
তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ও কপ-২১ এর প্রেসিডেন্ট লরা ফ্যাবিউস গতকাল শুক্রবার সম্মেলন কেন্দ্রে গণমাধ্যমের কাছে দেওয়া বক্তব্যে বলেন, ‘কপ-২১ সঠিক পথে এগোচ্ছে। এখন পর্যন্ত চুক্তি চূড়ান্ত করার সব পরিবেশ ভালো আছে। আশা করি আমরা এই সম্মেলন থেকে ইতিবাচক কিছু পাব।’
গতকাল সম্মেলন কেন্দ্রে ১৯৫টি দেশের প্রতিনিধিরা যখন চূড়ান্ত দর-কষাকষিতে ব্যস্ত, তখন ‘মানবতার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে তাঁদের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বন কি মুন। লো বুর্জে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা সবচেয়ে জটিল ও সবচেয়ে কঠিন আলোচনা কিন্তু মানবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে আমাদের হাতে। মানবতার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সব পক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি।’
বৃহস্পতিবার রাতভর ১৯৫টি দেশের প্রতিনিধিদের আলোচনার পর ভোর পাঁচটার দিকে একদল সমঝোতাকারী খসড়া চুক্তিটিকে ৪২ পৃষ্ঠা থেকে দাঁড়ি, কমা, ব্র্যাকেট উঠিয়ে ২৭ পৃষ্ঠায় নামিয়ে আনে। এরপর গতকাল সকাল থেকে রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা আবার আলোচনায় বসেন। আরেক দল ওই খসড়া নিয়ে আবারও আলোচনা শুরু করে।
চূড়ান্ত খসড়ায় বেশির ভাগ বিষয়ে বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র একমতে পৌঁছে গেলেও মোটাদাগে দুটি বিষয়ে এখনো রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। প্রথমত, সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত রাষ্ট্রগুলো অর্থ দিতে রাজি হয়েছে। কিন্তু তারা বলছে, শুধু তারা একলা কেন অর্থ দেবে। উদীয়মান অর্থনীতির দেশ ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে এ ক্ষেত্রে দায়-দায়িত্ব নিতে হবে। অর্থাৎ তহবিলে তাদেরও অর্থ দিতে হবে। কিন্তু বিশ্বের অর্ধেক কার্বন নিঃসরণকারী ওই রাষ্ট্রগুলো অর্থ দিতে রাজি হচ্ছে না।
দ্বিতীয়ত, রাষ্ট্রগুলো স্বতঃপ্রণোদিত হয়ে কার্বন নিঃসরণ কমানোর যে অঙ্গীকার করেছে, তা ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, সে জন্য প্রতি পাঁচ বছর পরপর পর্যালোচনা করে দেখার প্রস্তাব তোলা হয়েছে শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে। কিন্তু ভারত ও মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোর পক্ষ থেকে ১০ বছর পরপর পর্যালোচনার দাবি করা হচ্ছে। ফলে এই বিষয়েও একমত হয়নি। এই বিষয়গুলোতে মতৈক্যে পৌঁছাতেই আলোচনার সময় বাড়ানো হয়েছে এক দিন।
সব বিষয় মিটমাট হয়ে গেলে প্যারিস চুক্তির খসড়া চূড়ান্ত হবে। তবে তা আইনি বাধ্যবাধকতাসহ চুক্তি হিসেবে স্বাক্ষর হবে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে, আগামী বছরের ২২ এপ্রিল থেকে ২০১৭ সালের ২১ এপ্রিলের মধ্যে।
এ ব্যাপারে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি ছিল অভিযোজন খাতে অর্ধেক অর্থায়ন ও স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে তহবিল পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। সেই দাবি চুক্তির খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে শুক্র ও শনিবার আলোচনা হবে।’
অন্যদিকে, কপ-২১ এর সচিবালয় থেকে জানানো হয়েছে, সম্মেলনের ফলাফল হিসেবে চুক্তির খসড়াটিকে ‘প্যারিস আউটকাম’ হিসেবে চিহ্নিত করা হবে।
সম্মেলনে অংশ নেওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, ‘চুক্তিতে এখন পর্যন্ত যে বিষয়গুলো আছে, তা বাংলাদেশের স্বার্থ ও দাবির পক্ষেই আছে। অর্থায়ন নিয়ে শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর বিতর্ক আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বড় সমস্যা না। কেননা, আমাদের ওই তহবিলে অর্থ দিতে হবে না, বরং উল্টো তহবিল পেতে অগ্রাধিকার পাওয়া যাবে এমন শর্ত সেখানে রয়েছে। ফলে প্যারিস আউটকাম হিসেবে যা আসছে, তা বেশ ইতিবাচক।’
তবে গতকাল বাংলাদেশের ১০টি নাগরিক সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে প্যারিস চুক্তিতে স্বল্পোন্নত দেশগুলোর অনেক স্বার্থই অন্তর্ভুক্ত হয়নি বলে মন্তব্য করা হয়েছে। শিল্পোন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো দায়-দায়িত্ব নিচ্ছে না, জানায় তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড বা সিএসআরএলের জিয়াউল হক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের গোলাম রব্বানি।