ভাসমান সেই জাহাজটি এখন তীরের কাছে
উত্তাল সাগরে ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার শিখা’ আজ শনিবার দুপুরে তীরের দিকে আছড়ে পড়েছে।
এর আগে সকাল থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উত্তাল সাগরে ইঞ্জিন বন্ধ হয়ে ভাসতে থাকে ‘এমভি বাংলার শিখা’। ওই জাহাজের ক্যাপ্টেন ‘এসওএস’ (সেভ আওয়ার সোলস) বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে বিএসসি নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের কাছে সহায়তা চায়। তখন বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বহির্নোঙরে অবস্থানরত এমভি বাংলার শিখা জাহাজটি ইঞ্জিন চালু রেখে ভারসাম্য রাখার চেষ্টা করছিল। হঠাৎ করে জাহাজটির দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে ক্যাপ্টেন জাহাজের দুটি নোঙর ফেলে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কিন্তু উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে নোঙর মাটি আঁকড়ে রাখতে পারছিল না।
মাটি আঁকড়ে থাকতে না পারায় নিয়ন্ত্রণ হারিয়ে দুপুরের দিকে ‘এমভি বাংলার শিখা’ জাহাজটি ‘এমটি গাগাসান জহর’ নামের তেল পরিবহনকারী জাহাজের ওপর গিয়ে পড়ে। দুটো জাহাজই এখন পতেঙ্গা সৈকতের সামনে তীরের কাছে আছড়ে পড়েছে। ‘এমটি গাগাসান জহর’ ট্যাংকার ২০১৫ সালের ১৯ মার্চ থেকে উচ্চ আদালতের নির্দেশে আটক রয়েছে।
পতেঙ্গা সৈকত থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল জানান, দুটো জাহাজ ছাড়াও ‘এএসটি লিজেন্ড’ নামে একটি টাগবোট (সহায়তাকারী জলযান) পতেঙ্গা সৈকতের কাছে তীরে ওঠে গেছে।
প্রসঙ্গত, বন্দরের বহির্নোঙরে এখন ১২৭টি জাহাজ আছে।
আরও পড়ুন: