ভূমিকম্পে কুমুদিনী মেডিকেল কলেজের আবাসিক হলে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুর ভূমিকম্পে টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের দুটি আবাসিক হলে ফাটল দেখা যায়। এতে আগামী শুক্রবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ছবি: প্রথম আলো
মির্জাপুর ভূমিকম্পে টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের দুটি আবাসিক হলে ফাটল দেখা যায়। এতে আগামী শুক্রবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ছবি: প্রথম আলো

ভূমিকম্পে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের দুটি আবাসিক হলে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে আগামী শুক্রবার পর্যন্ত মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। হল ছেড়েছেন ছাত্রীরা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ (ইন্টারনাল) সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুর সোয়া একটার দিকে দেশের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির ছয় তলা বিজয়া ও চার তলা অমিয় বালা আবাসিক ভবনের বিভিন্ন কক্ষের মেঝে ও দেয়ালের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। ভবন দুটিতে অবস্থানকারী ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা ভয়ে সেখানে থাকতে অস্বীকৃতি জানালে কর্তৃপক্ষ মেডিকেল কলেজ আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে। ওই ভবন দুটিতে প্রায় ৫৫০ ছাত্রী থাকেন।
মির্জাপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী বাবুল আহমেদ আজ বিকেলে ওই ভবন দুটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ভবন দুটির মূল কাঠামো, বিম ও কলামে কোনো প্রকার ফাটল নেই। তবে ভবনের কয়েকটি কক্ষের মেঝে ও দেয়ালে সামান্য ফাটল ধরেছে।

কুমুদিনী হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার বলেন, ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে আগামী শুক্রবার পর্যন্ত কলেজটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী এনে ভবন দুটি পরীক্ষা করা হবে।