ভেঙেছে মনুর প্রতিরক্ষা বাঁধ, ছয় গ্রাম প্লাবিত

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধে গত বৃহস্পতিবার গভীর রাতে ভাঙন দেখা দেয়। গ্রামবাসী বালুর বস্তা ফেলে এ ভাঙন ঠেকানোর চেষ্টা চালান। আজ রোববার দুপুরের দিকে বাঁধটি ভেঙে আশপাশের ছয়টি গ্রাম তলিয়ে গেছে। তলিয়ে গেছে এসব এলাকার ৪০০ একর আউশ ধানের জমি। কিছু লোক বাড়িঘর ছেড়ে বাঁধের ওপর এসে আশ্রয় নিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দু-তিন বছর আগে নিশ্চিন্তপুরে মনু নদের প্রতিরক্ষা বাঁধের কিছু জায়গার মাটি ধসে পড়ে। ফলে সে জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরবর্তী সময়ে এ স্থানটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। বৃহস্পতিবার ভাঙন দেখা দিলে বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে প্রচার করা হয়। তখন গ্রামবাসী ছুটে গিয়ে ভাঙনকবলিত স্থানে ১০০ বালুর বস্তা ফেলেন। গতকাল শনিবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ায় নদে পানি আবারও বেড়ে যায়। আজ দুপুর ১২টার দিকে পানির তোড়ে বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে নিশ্চিন্তপুরসহ আশপাশের দক্ষিণ মাদানগর, দত্তগ্রাম, আলীপুর, মাদানগর ও সোনাপুর গ্রাম তলিয়ে যায়।
সরেজমিনে বেলা দুইটার দিকে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় ২০-২৫টি পরিবার গবাদিপশু ও বাসনকোসন নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছে।
নিশ্চিন্তপুরের মুসলিম মিয়া, তাজুল ইসলাম ও আবদুস সবুর বলেন, তাঁদের বসতঘরে দু-তিন ফুট পানি। তাই বাঁধে আশ্রয় নিয়েছেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, গ্রামবাসীর চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। নদীতে পানি বেড়ে যাওয়ায় বাঁধটি টেকানো সম্ভব হয়নি। ছয় গ্রামের অন্তত এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বাঁধের ওপর ৬০-৭০টি পরিবার আশ্রয় নিয়েছে। ঢল অব্যাহত থাকলে আশপাশের হাজীপুর ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন গ্রামও তলিয়ে যেতে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নিশ্চিন্তপুরের ভাঙনকবলিত ১৫০ মিটার জায়গা মেরামতের জন্য সম্প্রতি প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। মৌলভীবাজার সদরের ‘টেক অ্যান্ড পে’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। সপ্তাহ খানেক আগে কাজ শুরু হয়। বাঁধের তীরে একটি পুকুর ছিল। প্রাথমিকভাবে মনু নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে ওই পুকুর বালু দিয়ে ভরাট করা হয়।
ইউপির চেয়ারম্যান জোনাব আলী বলেন, বাঁধটির মেরামতকাজ দ্রুত সম্পন্ন করতে তিনি পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার তাগিদ দিয়েছিলেন। সময়মতো কাজটি সম্পন্ন হলে এ অবস্থা ঘটত না।
তবে ওই এলাকায় দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. শাহাদত হোসেন মুঠোফোনে বলেন, অর্থ বরাদ্দ দেরিতে পাওয়া গেছে। তাই নিশ্চিন্তপুরের বাঁধে আগে কাজ করানো সম্ভব হয়নি। এখন ভাঙনকবলিত অংশে মাটি ফেলার কথা ছিল। এর আগেই পাহাড়ি ঢলে বাঁধটি ভেঙে গেছে। পানি কমলে ওই জায়গা মেরামত করে দেওয়া হবে।
শাহাদত হোসেন বলেন, মনু নদে বিপৎসীমার দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী বেলা তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাঁধ ভাঙার খবর পেয়ে তিনি নিশ্চিন্তপুর এলাকায় যাচ্ছেন। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।