ভোগান্তিতে খিলক্ষেতের কুড়াতলীবাসী

রাজধানী খিলক্ষেতের কুড়াতলী আল নুর জামে মসজিদ থেকে বসুন্ধরা আবাসিক এলাকার পকেট গেট পর্যন্ত রাস্তাটি এক মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ হয়ে আছে। জলাবদ্ধ রাস্তার কোথাও রাখা আছে ইট, কোথাও কাঠের টুকরো কিংবা বালুর বস্তা। সেগুলোর ওপর দিয়ে খুব সাবধানে দেয়াল ধরে, শারীরিক ভারসাম্য রেখে লোকজন চলাচল করছে।
গতকাল বুধবার দুপুরে রাস্তায় রাখা ইটের ওপর দিয়ে হাঁটার চেষ্টা করছিল কলেজ থেকে ফেরা এক ছাত্রী। কিন্তু ইট নড়ে পা পড়ে গেল নর্দমার পচা পানিতে। বাধ্য হয়েই জুতা-মোজা খুলে ময়লা পানি মাড়িয়ে বাসার পথে হাঁটা ধরল শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার। আয়েশা বলে, প্রতিদিন এমন কষ্ট করেই তাকে কলেজে যেতে হয়। বেশি বৃষ্টি হলে তো কথাই নেই।
এলাকাবাসীর অভিযোগ, পয়োনিষ্কাশনের নালা দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে পানি প্রবাহিত হচ্ছে না। বর্ষার শুরু থেকে পুরোটা সময়জুড়েই এ জলাবদ্ধতা থাকে বলে জানালেন এলাকাবাসী। এলাকার বাসিন্দা শিবলু হাসান প্রথম আলোকে বলেন, ঈদের সময় প্রায় হাঁটুপানি ছিল। তাই এখানে ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারেনি এলাকাবাসী।
জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর অনেকেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। বাসার সামনের অংশে বন্ধ হয়ে যাওয়া সিমেন্ট ঢালাইয়ের তৈরি ম্যানহোলের ঢাকনাটিকে শ্রমিক দিয়ে পরিষ্কার করাচ্ছিলেন মো. লিয়াকত আলী। তিনি প্রথম আলোকে বলেন, এখানে পয়োনিষ্কাশনের যে নালা আছে, সেটি কিছুটা গভীরে। অন্যান্য এলাকার নালার সঙ্গে সমান করতে হলে এই নালাকে প্রায় তিন ফুট উঁচু করতে হবে বলে তিনি জানান।
কুড়াতলী আল নুর জামে মসজিদ থেকে কিছুটা সামনে গিয়ে দেখা গেল, রাস্তার ম্যানহোলের ঢাকনাগুলো সরিয়ে রাখা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া রাস্তায় খোলা ম্যানহোল মরণ ফাঁদ তৈরি করেছে। ঢাকনা খোলা এসব স্থানে নামমাত্র বাঁশ কিংবা কাঠ দিয়ে চিহ্নিত করা আছে।
ম্যানহোলের ঢাকনাগুলো খোলা কেন—এমন প্রশ্নের জবাবে এলাকাবাসী বলেন, ঢাকনায় পানি প্রবাহের জন্য রাখা ছোট ছোট গর্তও বন্ধ হয়ে গেছে। তাই পানি যাতে ম্যানহোলের ভেতর যেতে পারে, এর জন্য এলাকাবাসী ঢাকনাগুলো খুলে দিয়েছে।
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর জিন্নাত আলী প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার সড়কটি পরিদর্শনে গিয়েছিলাম। জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাস্তাটি নতুন করে সংস্কার করা হবে। আগামী মাসে রাস্তা সংস্কারকাজের দরপত্র করার সম্ভাবনা আছে।’