জনজীবন বিপর্যস্ত। ব্যবসা কার্যক্রম স্থবির। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ। চট্টগ্রাম শহরের একটি বড় অংশে এখন এ দুরবস্থা। বর্ষা এলেই বৃষ্টি আর জোয়ারের পানিতে একাকার অলিগলি আর মূল সড়ক। এই ভোগান্তির শেষ কবে?
বিশেষজ্ঞরা বলছেন, এ সমস্যার আশু সমাধান নেই। কারণ, সমস্যাটি মানুষেরই সৃষ্টি। নগরের খাল দখল করে বসতি স্থাপন, নিচু এলাকায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ এবং ক্রমাগত পাহাড় কাটা এ জন্য দায়ী। এতে পানি নিষ্কাশনব্যবস্থায় প্রতিবন্ধক হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এ সমস্যা সমাধানে সুস্পষ্ট মহাপরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তা প্রকট আকার ধারণ করেছে বলে তাঁরা মনে করেন।
আগের দুদিনের মতো কাল মঙ্গলবারও বৃষ্টি ও জোয়ারে ডুবে গেল আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, শান্তিবাগ, বেপারিপাড়া, আগ্রাবাদ এক্সেস রোড, চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ, চকবাজার কাঁচাবাজার, মোহাম্মদ শাহ লেইন, পশ্চিম বাকলিয়া, কে বি আমান আলী রোড, ডিসি রোড, সৈয়দ শাহ রোড, কালাম কলোনি, আফগান মসজিদ এলাকা, মিয়াখান নগর এছাকের পুল, রসুলবাগ, ঘাসিয়াপাড়া ও মোহরার বিভিন্ন এলাকা। বিকেল পাঁচটার পর থেকে এসব এলাকা থেকে পানি নামতে শুরু করে।
গতকালের জলাবদ্ধতায় এসব এলাকার জনজীবন স্থবির হয়ে পড়ে। পানিতে রাস্তা ও খাল একাকার হয়ে যাওয়া চকবাজারের খাল পাড় এলাকার চাক্তাই খালে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ জলাবদ্ধতা সৃষ্টির জন্য প্রাকৃতিক কারণের চেয়ে মনুষ্যসৃষ্ট কারণ বেশি দায়ী বলে মন্তব্য করেছেন সাউদার্ন ইউনিভার্সিটির সহ-উপাচার্য আলী আশরাফ। তিনি প্রথম আলোকে বলেন, ১৯৬৯ সালের একটি জরিপে খাল পাওয়া গিয়েছিল ৭০টি। এখন আছে মাত্র ৩৮। বাকি খালগুলো দখল হয়ে গেছে। বিদ্যমান খালগুলোও দখলের কারণে আগের অবস্থানে নেই। ফলে পানিনিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। দখল হয়ে যাওয়া খালগুলোকে আরএস অনুযায়ী আগের অবস্থায় ফিরিয়ে দিলে জলাবদ্ধতা সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জানা যায়, ১৯৬৯ সালে আমেরিকার পরামর্শক প্রতিষ্ঠান জন আর স্নেল ‘স্টর্ম ড্রেনেজ অ্যান্ড ফ্লাড কন্ট্রোল মাস্টারপ্ল্যান ফর চিটাগাং’ তৈরির জন্য চট্টগ্রাম নগরের ৭০টি খাল সার্ভে (জরিপ) করেছিল। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে ৬৬টি খালের বিস্তারিত তথ্য (খালের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা) উল্লেখ করা হয়।
ওই প্রতিবেদনে ৭০টি খালের কথা বলা হলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবে বর্তমানে খাল রয়েছে ৩৮টি। এই খালগুলোও কমবেশি দখল হয়ে গেছে বলে সম্প্রতি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল দুপুর ১২টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের বেপারিপাড়া মোড়ে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে সড়কের কোথাও গোড়ালি, কোথাও হাঁটুপানি উঠেছে। জলাবদ্ধতার কারণে পাশের বিপণিবিতান ও ব্যবসায় প্রতিষ্ঠানের অনেক দোকান বন্ধ ছিল। যাঁদের দোকান খোলা ছিল, তাঁদের অলস সময় পার করতে দেখা যায়।
বেপারিপাড়া মোড়ে সিটি শপিং কমপ্লেক্সের নিচতলায় একটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক মিনহাজুল আবেদিন দোকান না খুলে আড্ডা দিচ্ছিলেন পাশের এক মিষ্টির দোকানে। তিনি প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে পানি উঠছে। প্রতিদিন পানি পরিষ্কার করতে করতে বিরক্ত। তাই কাল তিনি দোকান খোলেননি।
গতকাল বেলা একটার দিকে নগরের বেপারিপাড়ার পাশে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, সেখানে হাঁটু থেকে কোমরপানি জমে আছে রাস্তায়। হাতেখড়ি স্কুলের ভেতরে পানি। স্কুলের শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ। পানির জন্য ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। এই স্কুলের বিপরীতে রয়েছে কর অঞ্চল-৪-এর কার্যালয়। কার্যালয়ের সামনে কোমরপানি। প্রধান ফটকের বাইরে একটি নৌকা বাঁধা। কর্মকর্তা-কর্মচারীরা সেটি দিয়ে আসা-যাওয়া করছেন।
সিডিএ আগ্রাবাদ আবাসিক এলাকার পাশে রয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। জলাবদ্ধতার কারণে হাসপাতালের নিচতলার কার্যক্রম সোমবার থেকে ওপরের তলায় স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক নুরুল হক।
জোয়ারের চকবাজারের খাল পাড় এলাকায় পানিতে পড়ে প্রথম শ্রেণির ছাত্র শাহরিয়ার আহমেদ (৭) নামের এক শিশু মারা যায়। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, শাহরিয়ারের বাসা রসুলবাগ আবাসিক এলাকায়। কাল বিকেল সাড়ে তিনটার দিকে সে খেলতে বের হয়েছিল। কিন্তু রাস্তা ও চাক্তাই খালের পানি সমান হয়ে যাওয়ায় পানিতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল পাঁচটার দিকে তাকে মৃত উদ্ধার করে।