তেলবাহী ট্যাংকারডুবির জের ধরে জাহাজ চলাচলে শ্যালা নদীর পথ বন্ধ করে দেওয়ায় মংলা বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। বন্দরটিতে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করে ও ভারত থেকে আসা সিমেন্টের কাঁচামাল নিয়ে মংলা ও খুলনায় আটকা পড়েছে শতাধিক লাইটারেজ জাহাজ। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকেও পণ্য এনেও পিরোজপুরে আটকা পড়েছে বহু জাহাজ।
এ অবস্থায় সার, জ্বালানি তেল, লবণ ও সিমেন্টের কাঁচামালসহ বিভিন্ন পণ্যের সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলভুক্ত ও বাংলাদেশ-ভারত ট্রানজিট পথের প্রধান অংশ ছিল মংলা-ঘষিয়াখালী নৌপথ। চরম নাব্যতা-সংকটে পড়ে বছর তিন আগে বন্ধ হয়ে গেছে এটি। বিকল্প পথ হিসেবে ২০১১ সালের মে থেকে শ্যালা নদীর পথ চালু করা হয়। ৯ ডিসেম্বর এ নদীতে তেলবাহী জাহাজডুবির পর ১১ ডিসেম্বর থেকে এটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় মংলা বন্দর ও ভারতের কলকাতার বিভিন্ন নৌবন্দর থেকে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, বাঘাবাড়ী, নগরবাড়ী, আশুগঞ্জসহ বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। একইভাবে দেশের বিভিন্ন স্থান থেকে মংলা, খুলনা ও যশোরের নওয়াপাড়ায় পণ্য আসতে পারছে না।
সরেজমিন: গত শনিবার সকালে বন্দরের পশুর চ্যানেলে গিয়ে দেখা যায়, শতাধিক লাইটারেজ জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে অবস্থান করছে। এমভি বিবি-১৬৪৬ জাহাজের চালক উকিলউদ্দিন বিশ্বাস বলেন, ভারতের হলদিয়া নদীবন্দর থেকে সহস্রাধিক মেট্রিক টন ফ্লাই অ্যাশ (সিমেন্টের কাঁচামাল) নিয়ে ৭ ডিসেম্বর ঢাকার ফ্রেশ সিমেন্ট কারখানার উদ্দেশে রওনা দেন। ১১ ডিসেম্বর পশুর চ্যানেলে পৌঁছান তাঁরা। এর পর থেকে এখানেই বসে আছেন।
এদিকে গতকাল রোববার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ফেরিঘাট এলাকা থেকে সন্ধ্যা নদীর চিরাপাড়া মোহনা পর্যন্ত আড়াই কিলোমিটারজুড়ে নদীর তীরে বহু জাহাজ নোঙর করে থাকতে দেখা গেছে। জাহাজগুলো খুলনা, মংলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে বালু, পাথর, তেল, গম, সিমেন্ট ও সিমেন্টের কাঁচামাল নিয়ে এসেছে। সিলেট থেকে আসা বালুবাহী জাহাজ দেওয়ান-২-এর চালক মো. বাদল মিয়া বলেন, ‘৭ ডিসেম্বর আমরা নওয়াপাড়ার উদ্দেশে রওনা দিই। নৌপথ বন্ধ করে দেওয়ায় ১২ ডিসেম্বর থেকে কাউখালীতে অবস্থান করছি। খাবার ও টাকা-পয়সা যা ছিল শেষ হয়ে গেছে। মালিকের পাঠানো টাকা দিয়ে কোনো রকমে চলছি।’ তিনি জানান, এখানে আটকে পড়া শতাধিক জাহাজ ও কার্গোতে সহস্রাধিক কর্মচারী রয়েছেন। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
সিলেট থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা চুনাপাথরবাহী জাহাজ ঊর্মি-১-এর কর্মচারী মো. ফরহাদ খান বলেন, ‘নয় দিন ধরে সন্ধ্যা নদীতে জাহাজ নোঙর করে রেখেছি। পণ্যবাহী জাহাজে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। চোর-ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিতে হচ্ছে।’
মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, বর্তমানে বন্দরে আটটি বিদেশি জাহাজ পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে বর্তমান বোরো মৌসুমে ব্যবহারযোগ্য ইউরিয়া, এমওপি সার ও সিমেন্টের কাঁচামাল। খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান বলেন, খুলনা লবণ তৈরি কারখানার একটি অঞ্চল। লবণের কাঁচামাল চট্টগ্রাম থেকে আমদানি করা হয়। বর্তমানে কাঁচামাল সংগ্রহের মৌসুম চলছে। কিন্তু শ্যালা নদীর পথ বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে কাঁচামাল আনা যাচ্ছে না। ফলে লবণ মিলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া সিলেট থেকে খুলনায় বালু ও পাথরও আসতে পারছে না।
মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব মো. সাইফুল ইসলাম জানান, তেলের ট্যাংকার আসতে না পারায় এরই মধ্যে খুলনায় জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। মংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোর মালিকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
মংলা বন্দরে সৃষ্ট অচলাবস্থার কথা স্বীকার করে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়া বলেন, সুন্দরবন ও পরিবেশ যেমন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে মংলা বন্দরও গুরত্বপূর্ণ। দুই বিষয় মাথায় রেখেই সরকারের উচ্চপর্যায়ে নীতিনির্ধারকেরা আলোচনা করছেন।