মধুবাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে মধুবাজ l ছবি: লেখক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে মধুবাজ l ছবি: লেখক

লম্বালেজি শ্বেত শাহ বুলবুলের খোঁজে সম্প্রতি গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাসের জানা-অজানা জায়গাগুলো খুঁজে ওর সন্ধান পেলাম না। বিকেলে বোটানিক্যাল গার্ডেনে ঢুকলাম। হঠাৎ করেই বড় আকারের একটি শিকারি পাখির দেখা পেলাম। শাহ বুলবুল না পাওয়ার দুঃখটা ভুলে গেলাম।
গত ১৬ এপ্রিল রাজশাহী থেকে কুষ্টিয়া যাওয়ার পথে প্রথম এই শিকারি পাখিটিকে দেখি পাকশীতে। তবে ট্রেনের দ্রুতগতির কারণে ওর ছবি তুলতে পারিনি। এবার আর সময় নষ্ট করলাম না। আমার ছবির ঝুলিতে বাড়ল আরেকটি পাখি। বিরল এই শিকারি পাখিটি এ দেশের এক আবাসিক পাখি মধুবাজ (Oriental Honey-buzzard, Crested Honey-buzzard or Eastern Honey Buzzard)। মৌবাজ নামেও পরিচিত। Accipitridae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Pernix ptilorhyncus.
প্রথম দর্শনে বাজের মতো দেখালেও প্রকৃতপক্ষেÿ মৌবাজ লম্বা ও সরু দেহের এক প্রজাতির চিল। তবে চিলের তুলনায় মাথা অপেক্ষাকৃত ছোট। লম্বায় ৫৫-৬৮ সেন্টিমিটার ও ওজনে ০.৭৫-১.৫ কেজি। দেহের রঙে বেশ বৈচিত্র্য দেখা যায়। যদিও প্রথম দর্শনে মাথায় কালচে ছোট ঝুঁটিযুক্ত কালচে-লালচে-বাদামির মিশেলে গড়া চিত্র-বিচিত্র এক পাখি বলে মনে হবে, কিন্তু সাধারণভাবে এটি ধূসর মাথাওয়ালা এক চিল, যার বুক-পেট ক্রিম থেকে বাদামি। এই রঙের ওপর থাকে আড়াআড়িভাবে অসংখ্য সাদাটে-বাদামি রেখা টানা। গলা সাদাটে। চোখ কমলা-লাল, ঠোঁট মেটে-কালো, পা ও পায়ের পাতা হলুদ। প্রাপ্তবয়স্ক স্ত্রী পাখি আকারে পুরুষের তুলনায় বড় হয়। স্ত্রীর মুখমণ্ডল ও পিঠ তুলনামূলকভাবে বাদামি। পুরুষের লেজে দুটি ও স্ত্রীর লেজে তিনটি কালো ফিতা রয়েছে।
বিরল এই পাখিটিকে দেশের যেকোনো অঞ্চলে দেখা যেতে পারে। এরা বনের মাঝে ফাঁকা জায়গা, আবাদি জমি বা ছায়াঘেরা বনবাগানে বাস করে। প্রজনন মৌসুম ছাড়া সচরাচর একাকী থাকে। মৌচাকের মধু, মৌমাছির ডিম ও বাচ্চা এদের খুবই প্রিয়। এ ছাড়া সাপ, ব্যাঙ, ইঁদুর, গিরগিটি ইত্যাদি খায়।
এপ্রিল থেকে জুন প্রজননকাল। এ সময় মাটি থেকে ৬-২৮ মিটার উচ্চতায় গাছের শাখায় সরু ডালপালা ও পাতা দিয়ে বাসা বানায়। বাসার ব্যাস হয় প্রায় ৮০ সেন্টিমিটার। বাসা বানানো হয়ে গেলে স্ত্রী তাতে এক-তিনটি ফিকে লালচে ডিম পাড়ে। ডিম ফোটে ২৮-৩৫ দিনে। স্ত্রী-পুরুষ উভয়ে মিলে বাচ্চাদের খাওয়ায়। পাঁচ-ছয় সপ্তাহে বাচ্চারা উড়তে শেখে, কিন্তু বাবা-মায়ের সাহায্য ছাড়া স্বাধীনভাবে চলাফেরা করতে আরও পাঁচ থেকে আট সপ্তাহ লাগে।