মধ্যাঞ্চলেও বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন দিন পদ্মা নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে দেশের মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যার পানি আসছে রাজধানীর দিকেও। আর উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রসহ বিভিন্ন সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

বর্তমানে অন্তত ২০ জেলা বন্যাকবলিত। গতকালও বিভিন্ন নদ-নদীর ৩০টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিবের চলতি দায়িত্বে থাকা গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী গতকাল পর্যন্ত বন্যায় ১৯ লাখ ৮০ হাজার ৪৬০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৫৬৩। মোট আশ্রয়কেন্দ্র খোলা হয় ১ হাজার ৫৯৯টি। আশ্রিত মানুষের সংখ্যা ৪ লাখ ১ হাজার ৯৬৫। এ পর্যন্ত মারা গেছে ৩৭ জন। এর মধ্যে অবশ্য বেশ কয়েকজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া সাপের কামড়, পানিতে ডুবে ও দেয়াল ধসেও অনেকে মারা যায়।

বন্যাকবলিত এলাকার জন্য ৯ আগস্ট থেকে গতকাল পর্যন্ত ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল, ১ কোটি ৩২ লাখ টাকা, ১৬ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান গোলাম মোস্তফা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জনিয়েছে, গতকালও ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বেড়েছে। অন্যদিকে সুরমা-কুশিয়ারা নদীর পানি কমেছে। অবশ্য ব্রহ্মপুত্রের পানির স্তর আজ স্থিতিশীল হতে পারে। কিন্তু যমুনা নদীর পানিবৃদ্ধি আজও অব্যাহত থাকতে পারে। আর পদ্মার পানিবৃদ্ধি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টার পর থেকে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল আছে। সার্বিকভাবে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিও স্থিতিশীল। তবে পরবর্তী তিন দিন পদ্মার পানি বাড়তে পারে। ফলে রাজবাড়ী, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকাগুলোতে এর প্রভাব পড়ার আশঙ্কা আছে।

গতকাল পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, রাজশাহী, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া। এই ২০ জেলার বাইরে রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু এলাকাও প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যার কারণে অনেক এলাকায় রোপণ করা আমনের চারা ও বীজতলা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। ফলে এবার আমনের ফলন ক্ষতির মুখে পড়তে পারে। বাজারে নিত্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের রোগবালাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল ও সিকিম রাজ্যে বিস্তৃত এলাকাও তলিয়ে গেছে। রাজ্যগুলো দিয়ে ব্রহ্মপুত্র, তিস্তা ও গঙ্গা নদ-নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের ওই সব রাজ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে বাংলাদেশের বন্যা ও নদী বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।