
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানের পাশ দিয়ে হেঁটে ওয়াইল্ডলাইফ রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের দিকে যাচ্ছিলাম। দুপাশের গাছপালা, ঝোপঝাড়ে প্রজাপতি ও ফড়িং উড়ছে। মাথার ওপর দিয়ে কালো-সবুজ একটা কিছু উড়ে যেতে দেখলাম। ওর পিছু নিলাম। একটু ছটফটে স্বভাবের মনে হলো। এই ফুলে বসছে, আবার উড়ছে। ভালোভাবে ছবি তোলা যাচ্ছে না। ২০১৫ সালের অক্টোবরে ওকে ফের দেখলাম মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানের অফিসের ঠিক পেছনের একটি নাম না জানা লাল ফুলের গাছে। বেশ চঞ্চল। ফুলে বেশিক্ষণ বসে না। যাহোক, প্রখর রোদে বেশ সময় কষ্ট করে শেষ পর্যন্ত কয়েকটি ছবি তুললাম।
কালো-সবুজের এই পতঙ্গটি এ দেশের সচরাচর দৃশ্যমান এক প্রজাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. বাশার ওর নাম দিয়েছেন মনমেঘা (ইংরেজি নাম Tailed Jay, Green-spotted Triangle, Tailed Green Jay বা Green Triangle)। পশ্চিমবঙ্গে এটি চইতক নামে পরিচিত। Papilionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম graphium agamemnon।
প্রসারিত অবস্থায় মনমেঘার সামনের এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৮৫ থেকে ১০০ মিলিমিটার। সামনের ও পেছনের উভয় ডানার উপরিভাগ কালো, যার ওপর বিভিন্ন আকারের অসংখ্য আপেল-সবুজ ফোঁটা থাকে। ডানার নিচের অংশ বেগুনি-বাদামি এবং তাতে একই ধরনের সবুজ ফোঁটা। এ ছাড়া পেছনের ডানার নিচের দিকে লাল ফোঁটা রয়েছে। পেছনের ডানার প্রতিটিতে একটি করে খাটো লেজ থাকে। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম, তবে স্ত্রীর লেজ লম্বা। দেহের ওপরটা বাদামি-কালো, নিচটা ধূসর এবং দুপাশে ধূসর-সবুজ পার্শ্বডোরা। শুঁড় ও চোখ কালো। পা সাদা।
মনমেঘা দেশব্যাপী ব্যাপকভাবে বিস্তৃত। বনের কিনারা, গ্রাম, পার্ক ও বাগান, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে থাকতে পছন্দ করে। এরা শক্তিশালী ও বিরামহীন প্রজাপতি। দ্রুততার সঙ্গে গাছের ওপরের দিকে ওড়ে। ফুল থেকে ফুলে উড়ে বেড়ায় এবং শূন্যে স্থির হয়ে উড়ে ফুলের রস পান করে।
স্ত্রী আতা, দেবদারু, স্বর্ণচঁাপা প্রভৃতি গাছের কচি পাতার নিচ দিকে পাতাপ্রতি একটি করে ঘিয়ে-সাদা ডিম পাড়ে। গোলাকার এই ডিম ফুটে শূককীট বেরোতে তিন দিন সময় লাগে। রূপান্তরের প্রথম পর্বে শূককীটের দেহ সাদা দাগসহ গাঢ় বাদামি হলেও শেষ পর্বে হলদে হয়ে যায়। ১৭ থেকে ২০ দিনে পাঁচবার খোলস পাল্টে শূককীট হালকা সবুজ মূককীটে পরিণত হয়। মূককীটের খোলস কেটে ১২-১৩ দিন পর নতুন প্রজাপতি বের হয়ে আসে।
বাংলাদেশ ছাড়াও পুরো ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত এরা বিস্তৃত।