মনু নদের ভাঙনে হুমকিতে বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়া উপজেলার রাজাপুর এলাকায় মনু নদের ভাঙনে ধসে পড়েছে প্রতিরক্ষা বাঁধের একাংশ । সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কুলাউড়া উপজেলার রাজাপুর এলাকায় মনু নদের ভাঙনে ধসে পড়েছে প্রতিরক্ষা বাঁধের একাংশ । সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর এলাকায় মনু নদের ভাঙনে প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যেই বাঁধের বেশ কিছু অংশ নদে বিলীন হয়ে গেছে। এতে এলাকার অন্তত দুই হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। 

রাজাপুরসহ নদের বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে সম্প্রতি এলাকাবাসী ও কৃষক সমিতি উপজেলা সদরে মানববন্ধন করেছে। এ ছাড়া এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, মনু নদের ভাঙনকবলিত স্থানগুলো দ্রুত মেরামতের জন্য তাঁরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কয়েক দফা ভারী বৃষ্টিপাত হয়। এ সময় মনু নদের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৃথিমপাশার রাজাপুর এলাকায় নদের প্রতিরক্ষা বাঁধের বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দেয়। সম্প্রতি নদে পানি কমতে শুরু করলে ভাঙন আরও প্রকট আকার ধারণ করে। বাঁধের ওপর দিয়ে রাজাপুরসহ আশপাশের কলিরকোনা ও ছইদল বাজার এলাকার প্রায় দুই হাজার লোক পৃথিমপাশা ইউনিয়নসহ উপজেলা সদরে অটোরিকশায় চলাচল করেন। কিন্তু ঝুঁকি দেখা দেওয়ায় প্রায় দেড় মাস আগে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিকশা চলাচল বন্ধ হওয়ার পর থেকে রাজাপুর, কলিরকোনা ও ছইদল বাজারের লোকজনকে চার-পাঁচ কিলোমিটার পথ হেঁটে স্থানীয় ঢিলেরপার বাজারে গিয়ে গাড়িতে উঠতে হয়।
সরেজমিনে দেখা গেছে, বাঁধের রাজাপুর গ্রামে বড় বাড়ির সামনে থেকে রাজাপুর মসজিদ পর্যন্ত প্রায় ৭০০ ফুট জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। বাঁধটি ১৫ থেকে ২৫ ফুট চওড়া হলেও ভাঙনকবলিত স্থানে তা ৫ থেকে ৭ ফুট হয়ে গেছে। এরই মধ্যে লোকজন ঝুঁকি নিয়ে ওই স্থান দিয়ে চলাচল করছে।
কলিরকোনা গ্রামের বাসিন্দা ইয়ামির আলী বলেন, ‘অন্যান্য বছর বৃষ্টি কম হইছে। গাঙে (নদ) দিয়া ঢল কম নামছে। এইবার বৃষ্টি বেশি হওয়ায় ঢলও বেশি নামছে। এর লাগি ভাঙা বেশি দিছে। প্রত্যেক দিন বান্ধটা একটু একটু করি ভাঙি পড়ে। পুরাটা ভাঙি গেলে রাজাপুর, কলিরকোনা আর ছইদল বাজারর দুই হাজার মানুষ উপজেলা থাকি বিচ্ছিন্ন অই যাইব।’
বড় বাড়ির বাসিন্দা রঞ্জন দে (৪০) ধসে পড়া স্থানটি দেখিয়ে বলেন, সেখানে বাঁধের নিচে তাঁদের ফসলি জমি, বটগাছ ও মন্দির ছিল। এখন আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। ভাঙন অব্যাহত থাকায় বাড়িঘর রক্ষা নিয়ে তাঁরা এখন চিন্তিত হয়ে পড়েছেন।
এলাকার কলেজ শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি ফয়জুল হক বলেন, মনু নদ পলিতে ভরাট হয়ে পড়েছে। অনেক জায়গায় চর জেগে উঠেছে। বাঁধে দ্রুত মেরামতকাজ করাতে হবে। নদ পুনঃখননের উদ্যোগ নিতে হবে।
পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মনুসহ জেলার কুশিয়ারা, ধলাই ও সোনাই নদের প্রতিরক্ষা বাঁধের ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ ৭৩টি স্থান মেরামতের জন্য তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৬ কোটি ৯৬ লাখ টাকা চান। কিন্তু কর্তৃপক্ষ বলেছে, অর্থ-সংকটের কারণে এ বছর সব কাজ করা সম্ভব হবে না। শুধু বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোয় কাজ করানো হবে।