মনুর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়ার আশ্রয়গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে রোপা আমন ধানের খেতে প্রবল বেগে পানি ঢুকছে। রোববার, ২২ অক্টোবর, দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
কুলাউড়ার আশ্রয়গ্রামে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে রোপা আমন ধানের খেতে প্রবল বেগে পানি ঢুকছে। রোববার, ২২ অক্টোবর, দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এবং শরীফপুর ইউনিয়নের দুই জায়গায় আজ রোববার ভোরে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলেই বাঁধ ভেঙেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এসব এলাকার তিন হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া এসব এলাকার দুই হাজার একর রোপা আমন ধানের খেত তলিয়ে গেছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় দুর্গত কিছু লোক গবাদিপশু ও মালপত্র নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে।

এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে উজানের পাহাড়ি ঢল নেমে মনু নদের পানি বেড়ে যায়। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকায় নদের প্রতিরক্ষা বাঁধের অন্তত ২০০ ফুট জায়গা ভেঙে পানি ঢুকতে শুরু করে। এতে আশ্রয়গ্রামসহ ওই ইউনিয়নের বালিয়া, যাদবপুর, চানপুর ও ইছবপুর গ্রাম প্লাবিত হয়ে যায়। এদিকে ভোর পাঁচটার দিকে পার্শ্ববর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সেতু এলাকায় নদের আরও প্রায় ৪০০ ফুট জায়গা ভেঙে পানি ঢুকে আশপাশের কালারায়ের চর, চালিয়ারঘাট, ইটারঘাট, মনোহরপুর, দত্তগ্রাম, মানগাঁও, তিলকপুর বস্তি, পলকিরছড়া চা-বাগান, মাদানগর ও নিশ্চিন্তপুর গ্রাম প্লাবিত হয়ে যায়।
সরেজমিনে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুরে দেখা গেছে, আশ্রয়গ্রাম ও চাতলাপুরে বাঁধের ভাঙনকবলিত অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। আশ্রয়গ্রামে বাঁধের ওপর ১০-১২টি পরিবার আশ্রয় নিয়েছেন। আশ্রয়গ্রাম এলাকায় অবস্থিত টিলাগাঁও এ এন উচ্চবিদ্যালয়ে পানি উঠে যাওয়ায় ওই প্রতিষ্ঠানে চলমান দশম শ্রেণির নির্বাচনী ও অষ্টম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ায় বাঁধে আশ্রয় নিয়েছে একটি পরিবার। রোববার, ২২ অক্টোবর, দুপুরে তোলা। ছবি: প্রথম আলো
মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ায় বাঁধে আশ্রয় নিয়েছে একটি পরিবার। রোববার, ২২ অক্টোবর, দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

আশ্রয়গ্রামে বাঁধে আশ্রয় নেওয়া বৃদ্ধ রেজিয়া বেগম (৬০) বলেন, ‘যে দিকে ভাঙছে এর কাছেই ঘর। ফজরর নামাজর সময় আখতা বান্দ (বাঁধ) ভাঙার শব্দ পাই। নামাজ পড়তাম পারছি না। বান্দো আইয়া সবাই উঠছি। মালপত্র কিছু বাইর করি আনছি। অখন ঘরোর ভিতরে গলাপানি।’
মন্নান মিয়া (৪৫) বলেন, ‘ছয় কিয়ারো (বিঘা) খেত করছিলাম। ধানো থোড় আইছিল। সব ডুবাইলাইছে। পানি নামলেও খেত বাঁচানি যাইত নায়।’
একই এলাকার বাসিন্দা নয়ন লাল দেব অভিযোগ করেন, প্রায় দুই বছর ধরে বাঁধের এ স্থানটি ঝুঁকিপূর্ণ। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থা নেয়নি। মাস খানেক আগে স্থানীয় উদ্যোগে বাঁধের কিছু জায়গায় মাটি ফেলে সংস্কারকাজ করানো হয়। কিন্তু, পানির তোড়ে তা টেকেনি।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালিক বলেন, ‘আমার এলাকার পাঁচ গ্রামের অন্তত এক হাজার মানুষ পানিবন্দী। ৫০০ একরের রোপা আমন খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি যেভাবে বাড়ছে, তাতে আরও কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।’
শরীফপুর ইউপির চেয়ারম্যান জোনাব আলী বলেন, তাঁর এলাকায় বাঁধ ভেঙে ১০ গ্রামের দুই হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কিছু লোক আশপাশের উঁচু জায়গা ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কমপক্ষে দেড় হাজার একর জমির রোপা আমন তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন, তিনি সকালেই ভাঙনকবলিত দুটি স্থান পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য প্রাথমিকভাবে টিলাগাঁওয়ে ১০০ প্যাকেট ও শরীফপুরে ৩০০ প্যাকেট বিভিন্ন ধরনের ত্রাণ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থ চক্রবর্তী বিকেল ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি আজই মৌলভীবাজারে যোগদান করেছেন। আশ্রয়গ্রাম ও চাতলাপুর এলাকা তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। পানি নেমে যাওয়ার পর ওই দুটি স্থানে বাঁধে দ্রুত কাজ করানো হবে।