ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের ২৬ স্থানে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাকে ঘিরে গড়ে ওঠা জয়নুল উদ্যানের ভেতর বড় ভাঙন দেখা দিয়েছে। পাউবো কর্তৃপক্ষ গতকাল সেই ভাঙন মেরামতের কাজ শুরু করে l প্রথম আলো
ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাকে ঘিরে গড়ে ওঠা জয়নুল উদ্যানের ভেতর বড় ভাঙন দেখা দিয়েছে। পাউবো কর্তৃপক্ষ গতকাল সেই ভাঙন মেরামতের কাজ শুরু করে l প্রথম আলো

গত তিন দিনের ভারী বৃষ্টিপাতে ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের ২৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙনের কারণে ঝুঁকিতে পড়েছে সরকারি গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ও নদীতীরবর্তী বাড়িঘর।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ শহর রক্ষা বাঁধটির অবস্থান পাটগুদাম ব্রিজ থেকে ঘুণ্টি বাজার পর্যন্ত নয় কিলোমিটার এলাকা। বৃহস্পতিবার থেকে গতকাল রোববার ভোর রাত পর্যন্ত ভারী বৃষ্টিতে শহরের জয়নুল উদ্যান থেকে ঘুণ্টি বাজার পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার এলাকায় ভাঙনগুলো দেখা দিয়েছে। কিন্তু পাউবোর কার্যালয়ের নিজস্ব কোনো তহবিল না থাকায় সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ওই পাঁচ কিলোমিটার এলাকার ভাঙনকবলিত আটটি স্থান ঘুরে দেখা গেছে, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাকে ঘিরে গড়ে ওঠা জয়নুল উদ্যানের (পুরোনো সাহেব পার্ক) ভেতর একটি বড় ভাঙন দেখা দিয়েছে। পাউবো কর্তৃপক্ষ সেই ভাঙন মেরামতের কাজ শুরু করেছে।
পাউবোর ময়মনসিংহ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মুসা ঝুঁকির কথা স্বীকার করে বলেন, ‘আমরা ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। সংস্কার করার টাকা হাতে নেই।’