ময়লা-আবর্জনায় ভরা রামচন্দ্রপুর খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের বেশির ভাগই ময়লা-আবর্জনায় ভরা। খালপাড়ের ঘরবাড়ি, দোকানপাট থেকে ফেলা ময়লায় ভরা খালটি এলাকায় জলাবদ্ধতার কারণ হয়ে উঠেছে। পানিপ্রবাহ না থাকায় মশার প্রজননক্ষেত্র হয়ে পড়েছে খালটি।
খালের তত্ত্বাবধানের দায়িত্ব ঢাকা পানি ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা)। একাধিক জায়গায় ওয়াসার পক্ষ থেকে খাল দখল ও দূষণরোধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। কিন্তু কেউই সেসবের তোয়াক্কা করছে না। ওয়াসার নির্দেশনায় খালে গৃহস্থালি বর্জ্য না ফেলতে বলা হয়েছে। গতকাল শনিবার দেখা যায়, খালের বাঁধানো পাড়ের পাশে গড়ে ওঠা ঘরবাড়ির সব ময়লা-আবর্জনা খালে ফেলা হচ্ছে।
নবোদয় হাউজিংয়ের শেষ প্রান্তে লোহার গেট এলাকায় মোহাম্মদী হোমসের বিপরীতে খালের (তিন খালের মোড়) অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বারোয়ারি বর্জ্যে পানিপ্রবাহ একদমই বন্ধ। মাটি জমে সেখানে গাছপালা গজিয়েছে। সেখানে ওয়াসার সতর্কীকরণ বিজ্ঞপ্তির বাঁ পাশে খাল ভরাট করে রিকশাস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। লোহার গেট অংশের পাশে টিনের বেড়া দিয়ে নির্মাণ করা হয়েছে গরুর খামার। খামারের বর্জ্য ফেলা হচ্ছে খালে।
মোহাম্মদী হাউজিং প্রধান সড়কের একটি দোকানের মালিক খালেক মোল্লা বলেন, বৃষ্টি হলে খালের ময়লা পানি সড়কে চলে আসে। খাল দিয়ে বৃষ্টির পানি ঠিকমতো না সরায় জলাবদ্ধতা দেখা দেয়। পরিষ্কার না করায় প্রচুর মশা হয়।
মোহাম্মদী হাউজিং সোসাইটি প্রধান সড়ক ধরে এগোলে দেখা যায়, খালের এক পাশের নির্মাণাধীন বাড়ির নির্মাণসামগ্রী ও মাটি ফেলে রাখা হয়েছে। এসব মাটি ও নির্মাণসামগ্রী খালসংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ির। খালের পাশে রাখা মাটি খালের অনেকটা ভেতরে চলে গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, খালে ময়লা-আবর্জনা না ফেলতে এলাকাবাসীকে একাধিকবার বলা হয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে খালটির আশপাশের এলাকায় ৮০টি বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে ডিএনসিসি রাজধানীতে জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করে দেখেছে, ১৩টি খালের বেহাল অবস্থার কারণে জলাবদ্ধতা বেশি হয়। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে ডিএনসিসি স্থানীয় সরকার বিভাগে জমা দিয়েছে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে সুপারিশ করেছে। এ তালিকার ১৩টি খালের মধ্যে অন্যতম রামচন্দ্রপুর খাল।
এ বিষয়ে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম কামরুল আলম চৌধুরী বলেন, এপ্রিল মাসের শুরু থেকেই ওয়াসার তদারকির তালিকায় থাকা খাল পরিষ্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। রামচন্দ্রপুর খালের ওপরে থাকা কালভার্টের নিচের অংশ পরিষ্কারের কাজ চলছে। ভাসমান ময়লা অপসারণের কাজ কয়েক দিনের মধ্যে শুরু হবে।