ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল শেরপুরবাসী
বগুড়ার শেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন নাগরিকেরা। পৌর কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কার না করায় এবং স্থানীয় লোকজন যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শহরের ফলপট্টি, বিকাল বাজার, সান্যালপাড়াসহ বিভিন্ন মহল্লার বাসিন্দারা বাড়ির আবর্জনা কাছের সড়কের ওপরই ফেলছেন। নির্ধারিত স্থানে ডাস্টবিন না থাকায় তাঁরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। কিছু স্থানে পৌর কর্তৃপক্ষ যেসব ডাস্টবিন নির্মাণ করেছে, সেগুলোও নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা উপচে পড়ে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে। দুর্গন্ধে পথচারীরা নাক-মুখ চেপে চলাচল করছেন।
শহরের বিকাল বাজারের কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজারে মাত্র একটি ডাস্টবিন। তাও নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে ডাস্টবিন উপচে আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ছে।
একই বাজারের ব্যবসায়ী দুলাল সরকার বলেন, ডাস্টবিন উপচে পড়ায় তাঁরা বাধ্য হয়ে বাজারের পশ্চিম পাশে খোলা জায়গায় ময়লা ফেলছেন। আগে কর্তৃপক্ষ নিয়মিত ময়লা পরিষ্কার করলেও এখন দুই থেকে তিন মাস পর পর এ কাজ করে।
শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. রাজু বলেন, সান্যালপাড়ার মোড়ে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তূপ থেকে দুর্গন্ধও বাড়তে থাকে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
অবশ্য পৌরসভার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, শহরের মহল্লাগুলোতে স্থায়ী ডাস্টবিন তৈরির মতো জায়গা নেই। এ কারণে সমস্যা হচ্ছে। তবে সড়কের বিভিন্ন মোড়ে প্লাস্টিকের অস্থায়ী ডাস্টবিন দেওয়া হয়েছে। কিন্তু বেশির ভাগ ডাস্টবিনই হারিয়ে গেছে।
পৌরসচিব দিলীপ মহন্ত বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে নিয়মিত ২৪ জন পরিচ্ছন্নতাকর্মীসহ দুটি ছোট ট্রাক ও নয়টি ট্রলিতে শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। তার পরও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা নেবেন তিনি।
এ ব্যাপারে পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।